মেয়েটি কি নিখোঁজই থাকবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় মাসেও খোঁজ মেলেনি মেয়েটির (১৩)। কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেরার পথে নিখোঁজ হয় সে। তার পরিবার বলছে, তাকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ থানায় অপহরণ মামলাও করা হয়েছে। কিন্তু অগ্রগতি না হওয়ায় মামলাটি সিআইডিতে পাঠানোর জন্য দুই মাস আগে কুমিল্লার পুলিশ সুপারের কাছে আবেদন করেছে মেয়েটির পরিবার।
মেয়েটিকে উদ্ধারে ব্যর্থতার জন্য পুলিশ ও পরিবার পরস্পরকে দায়ী করছে। পরিবারের অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য আসামিদের পাশাপাশি পুলিশও চাপ দিচ্ছে। আর পুলিশ বলছে, মামলা তদন্তের জন্য পরিবারের কাছ থেকে কোনো সহায়তা তারা পাচ্ছে না।
পরিবার ও মামলার এজাহার থেকে জানা গেছে, মেয়েটি তার পরিবারের সঙ্গে চট্টগ্রামের সাগরিকা রোডে থাকত। গত বছর মার্চে সে মনোহরগঞ্জ থানার পোমগাঁও গ্রামে তার নানাবাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে ওই বছরের ২৯ মার্চ নানাবাড়ি থেকে চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যে একা বের হয়। কিন্তু এর পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার কয়েক দিন পর পার্শ্ববর্তী গ্রামের আমানউল্লাহ নামের এক ব্যক্তি মেয়েটির মায়ের মুঠোফোনে জানান, তাঁর মেয়ে তাঁদের কাছে আছে। মেয়েকে আনতে মা মনোহরগঞ্জে গেলে স্থানীয় যুবক সামছুল আলম, বাদশা মিয়া ও নজির আলম ৫০ হাজার টাকা দাবি করেন। অন্যথায় মেয়েটিকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। মা মাজেদা বেগম অভিযোগ করেন, মেয়েকে উদ্ধারের জন্য তিনি গত বছরের ২৪ এপ্রিল মনোহরগঞ্জ থানায় মামলা করতে যান। মামলায় আসামি হিসেবে তিনি বাদশা মিয়া ও নজির আহমদের নাম উল্লেখ করলেও পুলিশ কৌশলে এজাহার থেকে তাঁদের নাম বাদ দেয়। এজাহারে আমানউল্লা আমান, সামছুল আলম ও মো. রফিকসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। বাদশা ও নজিরকে মামলার এজাহারে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। নজিরের ভাই স্থানীয় ইউপি চেয়ারম্যান। মামলার পর এজাহারভুক্ত ১ নম্বর আসামি আমানউল্লাহকে পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে আটক। অন্য আসামিরা পলাতক। এদিকে মেয়েটিকে তার পরিবার লুকিয়ে রাখতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি দুই মাস আগে থানায় যোগদান করেছেন। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তাও নতুন। তারপরও তাঁরা গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত শুরু করেছেন। কিন্তু মেয়েটি মনোহরগঞ্জ থেকে অপহূত হয়েছে—এমন কোনো তথ্য বা প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ পায়নি। আদৌ মেয়েটি অপহূত হয়েছে কি না, তা-ও যাচাই করে দেখা হচ্ছে।
মেয়েটি অপহূত হোক বা লুকিয়ে থাকুক, সেটি খুঁজে বের করার দায়িত্ব পুলিশের—এ বিষয়টি স্বীকার করেন হারুনুর রশীদ। তিনি বলেন, তদন্তে যদি এজাহারভুক্ত আসামির বাইরে আর কারও সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে যত প্রভাবশালীই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
এদিকে গত ২৮ ডিসেম্বর মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা জাকির হোসেন ও পাহাড়তলী থানার দুই উপপরিদর্শক ডালিম ও অজিত হোসেনের বিরুদ্ধে সিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেন মামলার বাদী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বাদীর বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়েছেন তাঁরা।
বিষয়টি অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ‘আমি কেন বাদীকে হুমকি দিতে যাব? সোর্সের মাধ্যমে খবর পেয়েছিলাম, মেয়েটি তার মায়ের কাছে লুকিয়ে আছে। এই খবর যাচাই করতে বাদীর বাসায় যাই। এ ছাড়া মামলার তদন্তের জন্য বাদীর কাছে বারবার সহযোগিতা চেয়েছি। কিন্তু তাঁরা কোনো সহযোগিতাই করছেন না।’ মেয়েটির মা জানান, মামলার পর থেকেই তা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাতে শুরু করেছে আসামিরা।
মেয়েটির বাবা চট্টগ্রামে একটি স্কুলে ভ্যান চালানোর কাজ করেন। ওর বড় দুই বোন স্থানীয় পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। আসামিদের হুমকি ও ভয়ভীতির কারণে পরিবারটি এখন আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে।
মেয়েটির মা বলেন, ‘আমরা গরিব মানুষ। মেয়েকে লুকিয়ে রাখব কেন? কারও সঙ্গে তো আমাদের শত্রুতা নেই। নয় মাস পার হয়ে গেলেও আমার মেয়েটি কোথায়, কেমন আছে জানি না। বেঁচে আছে না মরে গেছে, সেটি জানতে পারলেও মনে মনে সান্ত্বনা পেতাম।’