মেয়েটি কে?
মেয়েটির চোখে-মুখে ভয়। অনবরত ঢোক গিলছে। হাত দিয়ে ঢেকে ফেলছে মুখ। বলছে না প্রায় কিছুই। একবার শুধু একটি বাক্য শোনা গেল। দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, ‘মা আসছে। ওই যে মা।’ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে মেয়েটি এখন চিকিৎসাধীন। গতকাল শনিবার চিকিৎসকেরা বলেন, ওর দৃষ্টিভ্রম হচ্ছে। পুরো পিঠ পোড়া। কথা বলার মতো মানসিক অবস্থায় সে নেই।
গত বৃহস্পতিবার সকাল থেকে গেন্ডারিয়ার সীমান্ত খেলাঘর লাইব্রেরির সামনে এই মেয়েটি অচেতন অবস্থায় পড়ে ছিল। বেলা সাড়ে ১১টা নাগাদ লোকজন পুলিশে খবর দেয়। তার বয়স ১৩-১৪ বছর। ঘটনাস্থল থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। মেয়েটির সঙ্গে এখন জাস্টিস ফর উইমেন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী আছেন। তাঁদের একজন গতকাল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার মেয়েটি হাসপাতালে আসার পর থেকে অনেক চেষ্টার পর তিন-চারটি কথা বলেছে। তার নাম সুমি, বাড়ি মানিকগঞ্জে নদীর ওপারে। বাবার নাম রহমত। মেয়েটি আরও বলেছে, সে সন্তানসম্ভবা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম প্রথম আলোকে বলেন, ‘মেয়েটির শরীরের পোড়া ৮-১০ দিনের পুরোনো। প্রায় ২২ শতাংশ পুড়েছে। কোনো কোনো জায়গায় সংক্রমণ হয়েছে। সে মারাত্মক অপুষ্টিতে ভুগছে। আমরা সব পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সব প্রতিবেদন হাতে পেলে চিকিৎসা পুরোদমে শুরু হবে।’ তিনি আরও বলেন, মেয়েটি হয়তো লম্বা সময় ধরে নির্যাতনের শিকার হয়েছে। মানসিক আঘাত এত মারাত্মক, সে গুছিয়ে কিছু বলতে পারছে না।
গত বৃহস্পতিবার মেয়েটি যে জায়গায় পড়ে ছিল, গেন্ডারিয়ার সেই জায়গাটি জনবহুল। আশপাশে আবাসিক ভবন, কমপক্ষে তিনটি বিউটি পারলার, ফাস্ট ফুডের দোকান আছে। কিন্তু কেউ মেয়েটি সম্পর্কে কিছু জানাতে পারেননি।
সে ওই এলাকার বাসিন্দা কি না, কারও বাসায় গৃহকর্মীর কাজ করত কি না, কোনো কিছুই বলতে পারেনি এলাকার লোকজন। তবে আল নূর টেইলার্স নামের একটি দরজির দোকানের কারিগর সাইফুল ইসলাম বলেন, তিনি মেয়েটিকে পড়ে থাকতে দেখেছেন। তিনি প্রথম আলোকে বলছিলেন, ‘ঘুম থেকে উঠে দোকানে এসেই এমন একটা খবর পাই। দেখি একটা ছোট মেয়ে পড়ে আছে। সে বেঁচে আছে না মারা গেছে, বোঝা যাচ্ছিল না। একজন নারী মেয়েটিকে পড়ে থাকতে দেখে এক গ্লাস পানি এনে খাওয়ায়। তারপর পুলিশের গাড়ি এসে মেয়েটিকে নিয়ে যায়।’
ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করেন গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মাসুদ রানা। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি আমাকে দেখেই কাঁদছে শুধু। বলছে, আমি বাড়ি যাব, ওপারে যাব। কথা বলার মতো অবস্থায় না এলে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারছি না।’ তিনি বলেন, মেয়েটির ছবি এলাকার সবাইকে দেখিয়েছেন। কেউই তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।