মেয়েটি কেন থানায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রী (১৩) তিন দিন ধরে থানা হেফাজতে আছে। সেখানে কষ্টকর পরিবেশে দিন কাটছে তার। এই অবস্থায় মেয়েটিকে কোনো ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর দাবি উঠেছে।
থানা ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা মেয়েটিকে গত ১০ মার্চ অপহরণ করেন আল আমিন নামের দূরসম্পর্কের এক আত্মীয়। এ ঘটনায় মেয়ের মা ১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় মামলা করেন। এতে আল আমিন, তাঁর বাবা মো. সফিক, মা লুৎফা বেগম ও বোন রুনা আক্তারকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারে এ বিষয়ে দুই পক্ষের সালিস বৈঠক চলাকালে পুলিশ সেখান থেকে সফিককে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যমতে গাজীপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তবে আল আমিন পলাতক রয়েছেন।
হাজীগঞ্জ থানা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল চারটায় চাঁদপুরের বিচারিক হাকিম তাছলিমা শারমিনের আদালতে ওই ছাত্রীকে হাজির করা হয়। সেখানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় মেয়েটির জবানবন্দি রেকর্ড করেন বিচারক।
আদালত সূত্র জানায়, মেয়েটি আদালতকে বলে, সে স্বেচ্ছায় আল আমিনের সঙ্গে চলে গিয়েছিল। পরে তারা বিয়ে করে গাজীপুরে আল আমিনের বোনের বাসায় থাকতে শুরু করে। এখন সে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায় না। এই অবস্থায় আদালত তাকে থানায় মামলার তদন্ত কর্মকর্তার হেফাজতে রেখে রোববার (আজ) আবার আদালতে হাজির করার নির্দেশ দেন।
গতকাল শনিবার সকালে হাজীগঞ্জ থানায় গিয়ে দেখা যায়, মেয়েটি এবং তার মাকে থানার ভেতরে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বসার কক্ষে বসিয়ে রাখা হয়েছে। তাঁদের নিরাপত্তার দায়িত্বে আছেন একজন নারী কনস্টেবল। সেখানে মেয়ে ও তার মায়ের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। মেয়েটির মা বলেন, ‘বৃহস্পতিবার রাত থেকে মেয়েকে নিয়ে এখানে বসে আছি। এখানে শোয়ার কোনো ব্যবস্থা নেই। মেয়েটি কিছুক্ষণ বসে থাকে আবার কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে থাকে। ছয় মাসের অন্তঃসত্ত্বা একটি মেয়ে এভাবে কতক্ষণ বসে থাকতে পারে?’
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহ্জাহান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ভিকটিমকে নিয়ে আমিও খুব বিপাকে আছি। ম্যাজিস্ট্রেট মেয়েটিকে তাঁর মায়ের কাছে দিতে নিরাপদবোধ করেননি। তাই আমার জিম্মায় দিয়েছেন।’
জানতে চাইলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ম্যাজিস্ট্রেট ও পুলিশ কোনো ভিকটিমকে এভাবে থানা হেফাজতে রাখতে পারে না। এটা মানবাধিকারের লঙ্ঘন। মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেওয়ার দরকার ছিল।’
নাম প্রকাশে অনিচ্ছুক হাজীগঞ্জ থানার একাধিক কর্মকর্তা বলেন, দেশে ঢাকা মেডিকেল কলেজসহ তিনটি জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। জেলা ও উপজেলা শহরের হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক ওয়ার্ড বা ভিকটিমদের রাখার কোনো ব্যবস্থা না থাকায় পুলিশকে প্রায়ই এ ধরনের সমস্যায় পড়তে হয়।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার সামছুন্নাহার বলেন, ‘আপনার কাছ থেকেই বিষয়টি জানলাম। আমি খোঁজ নিয়ে দেখছি।’