মেয়েটি রক্ষা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর বয়সী মেয়েটির গতকাল শুক্রবার বিবাহের আয়োজন ছিল। এ নিয়ে প্রথম আলোয় ৯ জুলাই সংবাদ প্রকাশের পর অবশেষে রক্ষা পেল মেয়েটি। গতকাল গোয়াইনঘাট থানায় মেয়েটির বাবা অঙ্গীকারনামা দিয়ে বলেছেন, তিনি ভুল করতে যাচ্ছিলেন, তাঁর মেয়ে আবার বিদ্যালয়ে যাবে।গোয়াইনঘাট উপজেলার জলুরমুখ আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ছে মেয়েটি। তার বাড়ি উপজেলার লেঙ্গুড়া গ্রামের কাঁঠালকুড়ি কান্দিতে। পাশের গ্রামের এক যুবক মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। বাধ্য হয়ে মেয়েটির বাবা বিয়ের আয়োজন করেন। ৯ জুলাই এ নিয়ে ‘আরও একটি বাল্যবিবাহের আয়োজন চূড়ান্ত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। ঢাকা থেকে আইন সহায়তা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন এ বিয়ে বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।এর পরিপ্রেক্ষিতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) কামাল আহমদ মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। গত বৃহস্পতিবারে থানায় এ নিয়ে এক বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরউদ্দিন রাঙা, জলুরমুখ আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও মেয়ের বাবা। মেয়ের বাবা তাঁর অঙ্গীকার নামায় বলেন, কারও প্ররোচনায় কিংবা ভয়ে তিনি তাঁর মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না।মেয়ের বাবা প্রথম আলোকে বলেন, ‘আমি ভুল করছিলাম, এমন ভুল যেন কেউ না করে। আমার মেয়ে আবার স্কুলে যাবে।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘মেয়েটির যাবতীয় লেখাপড়ার খরচ বিদ্যালয় বহন করবে।’