মেয়েটি রুখে দিল নিজের বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহের শিকার হতে যাওয়া এক মেয়ের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করে দিয়েছেন। গত সোমবার রাতে বিয়ের আয়োজন করা হয়েছিল। আদালত বাল্যবিবাহ আয়োজন করায় মেয়ের বাবা, ছেলের চাচা, কাজিসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, গত সোমবার রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে একই ইউনিয়নের সিঙেরগাড়ি গ্রামের রাজ্জাকুল ইসলামে ছেলে আদিলুর ইসলামের (২৫) বিয়ে ঠিক হয়। সন্ধ্যায় মেয়েটি বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমানের সহযোগিতা চায়। ইউএনও পুলিশ নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধের অনুরোধ জানান। এতে মেয়ের বাবাসহ বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে ইউএনওর ওপর হামলা চালাতে উদ্যত হন। এ সময় পুলিশ মেয়েটির বাবা, বিয়ের কাজি নুরুল ইসলাম, বরের চাচা রহমান মিয়া ও বরযাত্রী মতিয়ার রহমানকে আটক করে।
ইউএনও সিদ্দিকুর রহমান তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা, কাজি ও বরের চাচাকে এক মাস করে এবং বরযাত্রীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়।