মেয়েটি স্কুলে যেতে পারছে না
গভীর রাতে ঘরে ঢুকে একটি শিশুর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বিষয়টি গ্রামে জানাজানি হয়ে যাওয়ায় দরিদ্র ঘরের ওই মেয়েটি লোকলজ্জার ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। সে গত ছয় দিন ধরে বিদ্যালয়ে যাচ্ছে না।মেয়েটি প্রথম আলোকে জানায়, তার বাবা ঢাকায় বাবুর্চির কাজ করেন। তার মা ঢাকার এক মেসে রান্নার কাজ করেন। তার বাবা সম্প্রতি এক দুর্ঘটনায় পড়লে তার নানি (৬০) তার বাবাকে দেখতে গত বুধবার (১৮ জুলাই) ঢাকায় যান। বাড়িতে ছিল শুধু সে ও তার ছোট বোন।মেয়েটির বর্ণনা অনুযায়ী, বুধবার সন্ধ্যার পর খাওয়াদাওয়া সেরে তারা দুই বোন ঘুমিয়ে পড়ে। তার নানি ঢাকায় যাওয়ার সময় নিরাপত্তার জন্য বিছানার পাশে একটি দা রাখার জন্য বলে গিয়েছিলেন। এদিন গভীর রাতে প্রতিবেশী হাবিবুল্লা (৫০) তাদের ঘরে ঢোকে। বিষয়টি টের পেয়ে সে তার পাশে থাকা দা চারদিকে ঘোরাতে থাকে। অবস্থা বেগতিক দেখে হাবিবুল্লা একপর্যায়ে চলে যান। পরে তারা দুই বোর আর না ঘুমিয়ে রাত কাটিয়ে দেয়। পরদিন সে প্রতিবেশীর মুঠোফোনের মাধ্যমে বিষয়টি তার নানিকে জানায়।শিশুটির নানি বলেন, নাতিনের ফোন পেয়ে তিনি দ্রুত ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। ঘটনাটি এলাকার মুরব্বিদের জানিয়ে তিনি বিচার দাবি করেছেন।যোগাযোগ করা হলে স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার (গতকাল বুধবার বিকেল সাড়ে চারটা) বলেন, ‘ঘটনাটি সত্য না মিথ্যা, তা বলতে পারব না। তবে গ্রামের লোকজন নিয়ে আমরা একটি সালিসে বসেছি।’ রাত সাড়ে আটটায় তিনি বলেন, সালিসে বিষয়টির মীমাংসা হয়নি। শিশুটির পরিবারকে আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।হাবিবুল্লার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর পক্ষে স্থানীয় খায়রুল আলম (৩০) ঘটনাটি মিথ্যা দাবি করে বলেন, ‘সরকার কিছু আইন করেছে নিরীহ লোকজনকে হয়রানি করার জন্য। এটি তেমনই একটি ঘটনা।’ মেয়েটি গতকাল কান্নাজড়িত কণ্ঠে জানায়, এ ঘটনার পর লজ্জায় সে বিদ্যালয়েও যেতে পারছে না।