মেয়েটিকে ধর্ষণের পরে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলের কচুক্ষেত এলাকায় স্কুলছাত্রী মাজেদা আক্তারকে (১৫) ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার কচুক্ষেত এলাকার বাসার বিছানায় দামালকোট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মাজেদা ও স্থানীয় যুবক মজিবর রহমানের অচেতন দেহ মেলে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাজেদাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে ধর্ষণের পরে মজিবর মাজেদাকে হত্যা করে এবং নিজেও অচেতন হয়ে পড়ে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, মজিবর কিছুটা সেরে উঠেছে। সে পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তার দাবি, মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পেলে হত্যা ও ধর্ষণের বিষয়গুলো পরিষ্কার হবে।
মজিবরের শাস্তি দাবি
রাজধানীর কাফরুলে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের পর হত্যার দায়ে অভিযুক্ত মজিবর রহমানের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিপ্লবী নারী সংহতি।
সংগঠনটির সমন্বয়ক শ্যামলী এবং সহ-সমন্বয়ক তাসলিমা আখতার গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্রী ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, নারীর নিরাপত্তা বিধানে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে যৌন নিপীড়ন বেড়ে চলেছে। বিবৃতিতে সারা দেশে নারীর ওপর অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।