মেয়েটিকে পাঠানো হলো কিশোরী উন্নয়ন কেন্দ্রে
চাঁদপুরের হাজীগঞ্জে থানায় তিন দিন কষ্ট পাওয়া অন্তঃসত্ত্বা সেই মেয়েটিকে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে মামলার তদন্ত কর্মকর্তা শাহ্জাহান ভূঁইয়া গতকাল সোমবার মেয়েটিকে সেখানে পৌঁছে দেন।
গত রোববার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ মেয়েটিকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার থেকে রোববার সকাল পর্যন্ত মেয়েটি এবং তার মাকে হাজীগঞ্জ থানার ভেতর এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বসার কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে তাদের শোয়ার বা চলাফেরার ব্যবস্থা ছিল না। এ নিয়ে গত রোববার প্রথম আলোর প্রথম পাতায় ‘মেয়েটি কেন থানায়?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান ভূঁইয়া গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সোমবার ভোরে মেয়েটিকে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেয়েটি সেখানে থাকবে।
থানা ও মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণির মেয়েটিকে গত ১০ মার্চ অপহরণ করেন আল-আমিন নামের দূরসম্পর্কের এক আত্মীয়। এ ঘটনায় মেয়ের মা গত ১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় মামলা করেন। এতে আল-আমিন, তাঁর বাবা মো. সফিক, মা লুৎফা বেগম ও বোন রুনা আক্তারকে আসামি করা হয়। গত বৃহস্পতিবার গাজীপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে তাকে চাঁদপুরের আদালতে হাজির করা হয়। মেয়েটি আদালতকে বলে, সে স্বেচ্ছায় আল-আমিনের সঙ্গে চলে গিয়েছিল। পরে তারা বিয়ে করে গাজীপুরে আল-আমিনের বোনের বাসায় থাকতে শুরু করে। এখন সে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায় না। এ অবস্থায় আদালত তাকে মামলার তদন্ত কর্মকর্তা শাহ্জাহান ভূঁইয়ার হেফাজতে রাখার নির্দেশ দেন।