মেয়েটিকে বাঁচানো গেল না
মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল এক বখাটে। একদিন তার শ্লীলতাহানিরও চেষ্টা করে। এ অপমান সইতে না পেরে বাড়ি ফিরে গলায় ফাঁস দেয় সে। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত দড়ি কেটে নামায় তাকে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১১ দিন চিকির্যাসার পর সে মারা যায়।মেয়েটির নাম শামীমা খাতুন (১৪)। বাড়ি পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের শানিরদিয়া গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত শুক্রবার রাতে সে মারা যায়।এ ঘটনায় শামীমার বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একই গ্রামের ওই বখাটে আবদুল মমিন ও তার বাবার বিরুদ্ধে আতাইকুলা থানায় গতকাল শনিবার মামলা করেছেন।এজাহারে বলা হয়, শামীমাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল মমিন। ১৩ জুন মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শামীমার শ্লীলতাহানির চেষ্টা করে মমিন। এ কারণে শামীমা বাড়ি ফিরে বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তার্যাক্ষণিকভাবে টের পেয়ে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত শুক্রবার দিবাগত রাতে শামীমা মারা যায়। শামীমার বাবা আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি কয়েক দফা বখাটের বাবাকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। আমার মেয়েকে উত্ত্যক্তের শিকার হয়ে মরতে হলো। আর কোনো মেয়েকে যেন এ ধরনের পরিণতি বরণ করতে না হয়, এ জন্য ওই বখাটে ও তার বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’মামলার তদন্ত কর্মকর্তা ও আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।