১১ বছরের মেয়েটির বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল ৪০ বছর বয়স্ক জামাল হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে। কিন্তু খবর পেয়ে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী পুলিশ নিয়ে গিয়ে এ বিয়ে প্রতিরোধ করেন এবং মেয়েটিকে সমিতির হেফাজতে নেন। গতকাল মঙ্গলবার এই বিয়ে হওয়ার কথা ছিল।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মাসুক কামাল জানান, সকালে সদরের একটি চর এলাকা থেকে এক নারীর কাছ থেকে মুঠোফোনে খবর পান তাঁরা। বিষয়টি জানানো হয় বরিশালে অবস্থানরত নারীনেত্রী সালমা আলীকে। পরে সালমা আলী ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় বিয়ে বন্ধ করেন।
মেয়েটিকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসা হয়। পরে প্রশাসন সমাজসেবা কর্মকর্তাদের উপস্থিতিতে চরে ফিরে যাওয়া সম্পর্কে মেয়েটির মতামত জানতে চাইলে সে অসম্মতি জানায়। তাই তাকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হেফাজতে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সালমা আলী বলেন, ‘মেয়েটির বয়স ১১ বলা হলেও বাস্তবে আরও কম। তার বাবা ও মা দুজনই দুটি করে বিয়ে করেছেন। হতদরিদ্র মা পটুয়াখালীর সদর উপজেলার ছোটদিঘাই গ্রামের জামাল হোসেনের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। প্রশাসন ও পরিবারকে অবহিত করেই মেয়েটিকে আমরা ঢাকায় আমাদের হেফাজতে নিয়ে এসেছি। এখন মেয়েটির সার্বিক দায়িত্ব আমাদের।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির লোকজনের সঙ্গে গিয়ে পুলিশ বাল্যবিবাহটি প্রতিরোধ ও মেয়েটিকে উদ্ধার করেছে।