মেয়েটির বন্দিজীবন
ভালোবেসে পাশের বাড়ির মনিরুল ইসলামকে বিয়ে করেন আয়শা আক্তার (১৯)। মনিরুলের বিরুদ্ধে অপহরণ মামলা হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এখন দুই পরিবারে মীমাংসা হলেও নিরাপত্তা হেফাজত থেকে ছাড়া পাননি আয়শা আক্তার।শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের প্রবীণ আইনজীবী তাজুল ইসলাম জানান, একজন ভিকটিমকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে রাখা মানবিক নয়। তাঁর নির্ভরযোগ্য আত্মীয়স্বজন ও নিজের জিম্মায় মুক্তি দেওয়ার আইনগত কোনো বাধা নেই। যেহেতু মামলাটির মূল আসামি জামিনে রয়েছেন এবং মামলাটির প্রাথমিক তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে—এসব বিবেচনায় নিয়ে মানবিক কারণে মেয়েটিকে নির্ভরযোগ্য কোনো ব্যক্তির জিম্মায় মুক্তি দেওয়া যেতে পারে।মেয়েটির পরিবার, মামলার নথি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার তেঁতুলিয়া গ্রামের রশিদ বেপারীর মেয়ে আয়শা আক্তার। প্রতিবেশী আবদুল হক মাদবরের ছেলে মনিরুল ইসলামকে বিয়ে করেন গত বছরের ১৫ জুলাই। ২৪ জুলাই মেয়েটির ভগ্নিপতি সজীব সরদার শরীয়তপুর সদর থানায় মনিরুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে অপহরণ মামলা করেন। ওই বছরের ৮ আগস্ট পুলিশ মনিরুলকে গ্রেপ্তার ও আয়শাকে আটক করে আদালতে সোপর্দ করে।আদালত মনিরুল ইসলামকে জেলহাজতে ও আয়শা আক্তারকে নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। শরীয়তপুরে নিরাপত্তা হেফাজতে রাখার জন্য কোনো ব্যবস্থা না থাকায় তাঁকে জেলা কারাগারে রাখা হয়। সদর থানার পুলিশ মামলাটির তদন্ত শেষে গত বছরের ৪ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। চলতি বছরের ২১ জুন মনিরুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। আয়শা বর্তমানে নারী বন্দীদের সঙ্গে শরীয়তপুর জেলা কারাগারে নিরাপত্তা হেফাজতে আছেন।আয়শা আক্তারকে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সেইফ হোমে পাঠানোর নির্দেশ চেয়ে শরীয়তপুর জেলা কারাগারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। মেয়ের মা বলেন, ‘দুই পরিবার মিলেই বিষয়টি মীমাংসা করেছি। বিষয়গুলো লিখিতভাবে আদালতকে জানিয়ে মেয়েকে আমার জিম্মায় মুক্তি দেওয়ার আবেদন করেছিলাম। কিন্তু আদালত তা গ্রহণ করেননি।’মনিরুল ইসলাম বলেন, ‘আমি জামিনে আসার পর স্ত্রীকে নিজের জিম্মায় নেওয়ার আবেদন করেছিলাম। তা গ্রহণ করা হয়নি।’ আয়শা আক্তারের আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, এ পর্যন্ত ২০ বার আদালতে আবেদন করা হয়েছে আয়শাকে জিম্মায় মুক্তি দেওয়ার জন্য। কিন্তু নিরাপত্তা হেফাজতের নামে তাঁকে কারাগারে আটক রাখা হয়েছে। জাহাঙ্গীর হোসেন বলেন, সদর থানার পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করলেও আদালত তা গ্রহণ করেননি। বাদীপক্ষ থেকেও আদালতে কোনো না-রাজি দাখিল করা হয়নি। মামলাটি পুনরায় তদন্তের জন্যও কোনো নির্দেশ আদালত থেকে দেওয়া হয়নি।জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম বলেন, ‘আদালত থেকে নিরাপত্তা হেফাজতে যাদের পাঠানো হয়, তাদের সমাজসেবা অধিদপ্তরের কিশোরী সংশোধনাগারে রাখা হয়। মেয়েটিকে পাঠানোর জন্য আদালতের নির্দেশ চেয়েছিলাম। কিন্তু আদালত তাঁকে শরীয়তপুর জেলা কারাগারে রাখার জন্যই নির্দেশ দিয়েছেন।’শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মীর্জা হযরত আলী বলেন, ‘যেখানে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়েছে এক বছর আগে, মামলার মূল আসামি জামিনে রয়েছেন, তার পরও কেন মেয়েটিকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তা আমার বোধগম্য নয়।’