মেয়েটির মুখে ফুটল হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই আত্মীয়স্বজন আসছিলেন। ধুমধাম করে চলছিল বিয়ের আয়োজন। দুপুর গড়াতেই মেয়েটিকে (১৩) বধূরূপে সাজানো হচ্ছিল। বরযাত্রীও এসেছিল। সবকিছুই ঠিকঠাক। কাজি এলেই শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। কাজির আগেই বিয়েবাড়িতে এসে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বন্ধ হয়ে যায় বিয়ে। পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের খাগুড়িয়া গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেয়েটি স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। হঠাৎ করেই তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন পাশের গ্রামের সঞ্জু বিশ্বাসের ছেলে মনিরুল ইসলামের (১৮) সঙ্গে তার বিয়ে ঠিক করেন। গতকাল ছিল বিয়ের দিন। কিন্তু বিয়েতে রাজি ছিল না মেয়েটি। সে কাঁদতে শুরু করে। বেলা একটার দিকে বরযাত্রী এসে পৌঁছায়। অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে ইউএনও শাহ্ মোমিনের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ও ডেমরার ইউপি চেয়ারম্যান মলয় কুমার বিয়েবাড়িতে যান। এ সময় তাঁরা মেয়েটির পরিবারকে বাল্যবিবাহের কুফল ও আইন সম্পর্কে জানান। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়। ফিরে যায় বরযাত্রীর দল।