মেয়েটির রোগ শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি টাঙ্গাইলের ১২ বছরের মেয়েটির শারীরিক সমস্যার কারণ এখনো শনাক্ত করতে পারেননি চিকিৎসকেরা। তবে পরীক্ষায় এটা নিশ্চিত হওয়া গেছে যে, মেয়েটির হরমোনজনিত সমস্যা নেই।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা বলেছেন, বাংলাদেশে এ রকম রোগী অতীতে কখনো দেখা যায়নি। মেয়েটির প্রধান সমস্যা তিনটি: মুখ ও সারা শরীরে অস্বাভাবিক লোম, মাড়ি অত্যধিক স্ফীত এবং স্তন অস্বাভাবিক বড়। একসঙ্গে তিনটি সমস্যার নজির পৃথিবীতেও কম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এই রোগীর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার সব খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর মেয়েটির চিকিৎসা হবে।
মেয়েটির বাড়ি টাঙ্গাইলের জয়ভোগ গ্রামে। তিন ভাই-বোনের মধ্যে সে বড়। গতকাল তার বাবা প্রথম আলোকে বলেন, জন্মের সময়ই মেয়ের শরীরে অস্বাভাবিক পরিমাণে লোম ছিল। তাতে কোনো সমস্যা মনে হয়নি। কিন্তু প্রথম দাঁত পড়ে যাওয়ার পরপরই ওর মাড়ি অনেক স্ফীত হতে থাকে। একটু চিন্তা বাড়ে। পরে একাধিক শারীরিক সমস্যা থাকলেও তাঁরা চিকিৎসকের পরামর্শ নেননি। এক বছর আগে থেকে স্থানীয় হোমিও চিকিৎসকের পরামর্শে মেয়েকে ওষুধ খাইয়েছেন। কোনো ফল না পেয়ে বিএসএমএমইউতে এসেছেন।
গত ১৬ এপ্রিল মেয়েটিকে বিএসএমএমইউতে অধ্যাপক মো. ফরিদ উদ্দিনের অধীনে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা মেয়েটির হরমোনের সমস্যা আছে, এমন ভেবেছিলেন। কিন্তু পরীক্ষায় দেখা গেছে মেয়েটির হরমোনজনিত সমস্যা নেই।