মেয়েটির লেখাপড়ার দায়িত্ব নিল মাদ্রাসা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে নাটকে অভিনয় করায় ছাত্রীকে বেত্রাঘাতের ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষ দোষ স্বীকার করে নিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসায় অনুষ্ঠিত এক সালিস-বৈঠকে দোষ স্বীকার করা ছাড়াও মাদ্রাসা কর্তৃপক্ষ রাশেদা বেগম নামের দশম শ্রেণীর ওই ছাত্রীর লেখাপড়ার যাবতীয় দায়িত্বও গ্রহণ করেছে।রাশেদাকে কেউ উত্ত্যক্ত করবে না বলেও আশ্বাস দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাশেদা এবং তার বাবা তাদের অভিযোগ প্রত্যাহার করে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। অভিযোগ প্রত্যাহার করার কথা স্বীকার করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশেদা জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একটি সুষ্ঠু সমাধানে পৌঁছায় এবং লেখাপড়ার নিশ্চয়তা পাওয়ায় সে অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছে।রাশেদার বাবা মোহাম্মদ আলী বলেন, মেয়ের লেখাপড়া এবং সমাজের সবার আন্তরিকতায় তিনি সালিসের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।তবে এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ এবং অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।বৈঠকের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং অভিযুক্ত শিক্ষকেরা তাঁদের দোষ স্বীকার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন গতকাল শুক্রবার দুপুরে বলেন, অভিযোগ প্রত্যাহারের আবেদন তিনি পাননি। তবে তিনি জানান, এ ঘটনায় সালিস নিষ্পত্তির সুযোগ নেই। আইনানুগভাবেই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।উল্লেখ্য, কমলনগর উপজেলার কাদির পণ্ডিতেরহাট চর জগবন্ধু ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী রাশেদা মাদ্রাসায় গ্রীষঞ্চকালীন ছুটিতে গত এপ্রিল মাসে এলাকায় একটি নাটকে অভিনয় করে। পরে ছুটি শেষে ২ জুন মাদ্রাসায় ক্লাস করতে গেলে নাটকে অভিনয়ের জন্য তাকে ক্লাস করতে না দেওয়াসহ বেত্রাঘাত ও তার বাবাকে অপমান করেন কয়েকজন মাদ্রাসার শিক্ষক। ২০ জুন প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।