মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সাতগাঁও ও খাদুরাইল গ্রামের মধ্যে সৃষ্ট বিরোধ গত পাঁচ দিনেও মেটেনি। এ কারণে ওই ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের অলি মিয়ার মেয়ে পার্শ্ববর্তী চান্দুরা ইউনিয়নের দাউদপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। একই এলাকার সাতগাঁও গ্রামের লোকমান মিয়ার ছেলে হুমায়ুন স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। ৩ এপ্রিল বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে হুমায়ুন তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে তিন দিনের মধ্যে তাকে তুলে নেওয়ার হুমকি দেয়।ওই ছাত্রী ঘটনাটি তার বাবাকে জানায়। ছাত্রীর বাবা বিষয়টি হুমায়ুনের বাবাকে জানান। এতে হুমায়ুন ক্ষিপ্ত হয়ে পরদিন ৫ এপ্রিল সকালে স্থানীয় আমতলী বাজারে ছাত্রীর চাচাতো ভাই বোরহানকে একা পেয়ে মারধর করে।এ খবর জানাজানি হলে সেদিন দুপুরে খাদুরাইল ও সাতগাঁও গ্রামের লোকজন দা, বল্লম, লাঠি নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের ১৫ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা ৮-১০টি বসতঘর ভাঙচুর করে।স্কুলছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ‘হুমায়ুন দীর্ঘদিন থেকে আমার মেয়েকে বিরক্ত করে আসছে। সে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। আমি বিচার দেওয়ায় সে আমার ভাতিজা বোরহানকে পিটিয়েছে।’হুমায়ুন এসব অভিযোগ অস্বীকার করে বলে, ‘আমি কাউকে মারধর করিনি। তারা মিথ্যা অভিযোগ করছে।’ বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ‘ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধের বিষয়টি আমার জানা নেই।’