মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদই কাল হলো তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো আবদুল কাদের মোল্লাকে (২২)। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।আ. কাদের নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের দক্ষিণপাড়ার আলিম মোল্লার ছেলে। এ ঘটনায় কাদেরের বড় বোন নূর নাহার বেগম গতকাল শনিবার নওগাঁ সদর মডেল থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।আসামিরা হলো দোগাছী গ্রামের সাগর, ফারুক, মিঠু, মাজেদুল, ফিরোজ, রুবেল, বাবু, মাহবুব, আমিন, আসাদ শেখ ও শাহিন। আসামিরা পলাতক।জানা যায়, কয়েক মাস ধরে ওই গ্রামের বখাটে যুবক সাগর ও তার সঙ্গীরা দোগাছী গ্রামের স্কুলগামী মেয়েদের রাস্তায় উত্ত্যক্ত করছিল। আ. কাদের এর প্রতিবাদ জানিয়ে তাদের উত্ত্যক্ত করতে নিষেধ করেন। কিন্তু তারা শোনেনি। গত বুধবার সন্ধ্যায় আ. কাদের ও তাঁর কয়েকজন বন্ধু বগুড়ার সান্তাহার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে প্রবেশের সময় সাগরসহ মামলার ১১ আসামি আ. কাদেরের পথ আটকে দাঁড়ায়। ভয় পেয়ে আ. কাদেরের বন্ধুরা পালিয়ে যান। এ সময় সাগর ও তার সঙ্গীরা লোহার রড, হকিস্টিক ও লাঠি দিয়ে আ. কাদেরকে বেধড়ক মারধর করে।খবর পেয়ে আ. কাদেরের পরিবারের লোকজন এসে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। ওই দিন রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার বেলা তিনটার দিকে চিকিত্সাধীন অবস্থায় আ. কাদেরের মৃত্যু হয়।আ. কাদের হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।