মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, ‘আমি আর কত দিন আছি জানি না। কখন কী হয় কেউ বলতে পারে না। তবে আমরা যে সংগ্রাম আরম্ভ করেছিলাম, তার অনেকটাই সার্থক। এখন স্বাধীন দেশের নারীরা আরও এগিয়ে যাবেন। তবে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা রাখতে হবে। তা না হলে দেশ এগোবে না।’
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের ৯০ বছরের জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার পারিবারিকভাবেই আয়োজিত হয় নূরজাহান বেগমের জন্মদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একাধিক বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, নূরজাহান বেগমের জন্মদিন পালনের দায় কি শুধুই তাঁর পরিবারের? জাতীয় কোনো উদ্যোগ কেন নেই?
১৯৪৭ সালে কলকাতা থেকে বেগম পত্রিকা প্রকাশিত হয়। ১৯৫০ সালে বেগম ঢাকা থেকে প্রকাশিত হতে থাকে। প্রথম চার মাস সম্পাদকের দায়িত্ব পালন করেন বেগম সুফিয়া কামাল। এরপর থেকে নূরজাহান বেগম টানা সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছেন।
পুরান ঢাকার শরৎ গুপ্ত রোডের ৩৮ নম্বর বাড়িতে থাকেন নূরজাহান বেগম। এ বাড়ির পাশের বাড়িতেই নূরজাহান বেগমের জন্মদিনের আয়োজন করেন তাঁর বড় মেয়ে ফ্লোরা নাসরীন খান। আর এতে সহযোগিতা করেন ফ্লোরা নাসরীন খানের স্বামী এফ আর খান। নূরজাহান বেগমের আরেক মেয়ে রিনা ইয়াসমিন আহমেদও উপস্থিত ছিলেন।
বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক কাজী মদিনা বলেন, ‘আপার জন্মদিন পালনের দায় কি শুধুই তাঁর পরিবারের? আপার জন্মদিন কেন জাতীয়ভাবে করা হলো না? আপা নিজে যখন ফোন করে তাঁর জন্মদিনে আসতে বলেছেন, তখন নিজেই নিজেকে ধিক্কার দিয়েছি। কেননা, আমরা আজ শুধু আপার কারণেই এখানে দাঁড়াতে পেরেছি।’
সহকারী অ্যাটর্নি জেনারেল শাহিদা বেগম বলেন, ‘আমি এ পর্যায়ে আসতে পেরেছি, পুরুষের সঙ্গে কাজ করতে পারছি শুধু আপার জন্যই।’
নূরজাহান বেগমের জন্মদিনের অনুষ্ঠানে নাজমা ছিদ্দিকী, মালেকা বেগম, আয়শা খানম, সেলিনা খালেক, পারভীন হাসান, বদরুন নেসা আবদুল্লা, হানুফা ইমদাদ, গুলশান আরা, নাসিমুন আরা হক, পারভীন সুলতানা, নাসিমুন নেছা, সুলতানা রিজিয়া, কাজী সুফিয়া আখতার, রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম প্রমুখ উপস্থিত ছিলেন ও স্মৃতিচারণায় অংশ নেন। সুলতানা কামাল ঢাকার বাইরে থাকায় মুঠোফোনে খুদে বার্তায় নূরজাহান বেগমকে শুভেচ্ছা জানান। অনেকে নূরজাহান বেগমের উদ্দেশে লেখা কবিতা পড়ে শোনান। কেউ কেউ গান শোনান। কবি লিলি হক অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে নূরজাহান বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কেউ কেউ উপহার দেন। নূরজাহান বেগম অনুষ্ঠানে কেক কাটেন।
নূরজাহান বেগমের জন্ম ১৯২৫ সালের ৪ জুন চাঁদপুর জেলার চালিতাতলী গ্রামে। নূরজাহান বেগমের বাবা বেগম-এর প্রতিষ্ঠাতা এবং সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন মারা যাওয়ার পর নূরজাহান বেগমের পাশে দাঁড়ান তাঁর স্বামী কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা রোকনুজ্জামান খান। তিনি দাদাভাই নামে পরিচিত।