মেয়েদের জয়ে আনন্দ কলসিন্দুরে

‘আমরা জিতব’—এই বলে নেপালের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিল অনূর্ধ্ব-১৪ নারী দলের খেলোয়াড় মারিয়া। কথা রেখেছে ময়মনসিংহের কলসিন্দুরের এই মেয়ে। তার দেওয়া গোলেই আজ রোববার নেপালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। ১-০ গোলে হেরেছে নেপাল।
বাংলাদেশের জয়ে তাই দারুণ খুশি কলসিন্দুরের মানুষ। গতকাল শনিবার থেকে কলসিন্দুরের মানুষের প্রস্তুতি ছিল টেলিভিশনে খেলা দেখার। একটি বেসরকারি চ্যানেলে খেলাটি সরাসরি দেখানোর কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে পুরো খেলাটি চ্যানেলে দেখা যায়নি। যতটুকু দেখা গেছে, তাতে ছবি আটকে আটকে আসছিল। যে গ্রামের মেয়েরা এত অদম্য, সে গ্রামের মানুষ সহজে দমে যাবে না—এটাই স্বাভাবিক। তারাও দমে যায়নি। ইউটিউবে নেপালের ‘কান্তিপুর গোল্ড’ নামের একটি চ্যানেলে সম্প্রচারিত খেলাটি আটকে আটকে যাওয়া অবস্থায় দেখে এখানকার অনেক বাসিন্দা।
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোচ মফিজ উদ্দিন বিদ্যালয়ে বসে ইউটিউবে দেখেছেন তাঁর শিষ্যদের খেলা। খেলা শেষে তিনি বলেন, ‘বাংলাদেশের জয় প্রথম আনন্দ। আর দ্বিতীয় আনন্দ আমাদের মারিয়ার গোল পাওয়া।’

কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন বাংলাদেশের জয়ে আনন্দ প্রকাশ করেন। জানালেন, এখানকার মানুষ এই খেলা উপলক্ষে বেশ উৎকণ্ঠায় ছিল। বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে জেনে আনন্দের জোয়ারে ভাসে তারা।
গত এপ্রিল মাসে নেপালের কাঠমাণ্ডুতে শুরু হয় নারীদের এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতা। টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ১০ মেয়ে। প্রতিযোগিতায় বাংলাদেশ ভুটানকে ১৬-০ গোলে ও ইরানকে ২-০ গোলে হারিয়ে এবং ভারতের সঙ্গে ড্র করে ফাইনালে উঠে। ফাইনালে প্রতিদ্বন্দ্বী ছিল স্বাগতিক নেপাল। কিন্তু নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে ফাইনাল খেলাটি স্থগিত করা হয়। আজ সেই ফাইনাল হয়েছে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলে মোট ১৮ খেলোয়াড়। তাদের মধ্যে ১০ জনই কলসিন্দুর ও আশপাশের গ্রামের। তারা ২০১১ সালে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের জন্য শিক্ষক মফিজ উদ্দিনের অণুপ্রেরণায় ফুটবল খেলতে শুরু করে। প্রাথমিকের গণ্ডি পার করে মেয়েরা অন্য বিদ্যালয়ে গিয়েছে। তবে এখনো মফিজ উদ্দিনের তত্ত্বাবধানেই তারা অনুশীলন করে।
কলসিন্দুরের মেয়েদের এই সফলতার গল্প ২২ আগস্ট প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর প্রথম আলোর পক্ষ থেকে কলসিন্দুরের মেয়েদের নিয়ে ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়। মেয়েদের গল্প দেশের সীমানা ছেড়ে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে।
আরও পড়ুন: