মেয়েদের তাক লাগানো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল বেরিয়েছে। ভালো ফলের খবর জানার পর বন্ধুরা মিলে সেলফি তোলার সুযোগটি হাতছাড়া করেনি রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের l ছবি: প্রথম আলো
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল বেরিয়েছে। ভালো ফলের খবর জানার পর বন্ধুরা মিলে সেলফি তোলার সুযোগটি হাতছাড়া করেনি রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের l ছবি: প্রথম আলো

একের পর এক নিজেদের মাইলফলক ভাঙছে খুদে শিক্ষার্থীরা। পঞ্চম ও অষ্টম শ্রেণির স্তরের পরীক্ষায় এবার সব সূচকেই গতবারের চেয়ে উন্নতি হয়েছে। তবে তাক লাগানো ফল করেছে মেয়েরা। পরীক্ষায় অংশগ্রহণ, পাসের হার ও ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ সব দিক দিয়েই তারা ছেলেদের চেয়ে বেশ ভালো করেছে।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। এবার প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। ইবতেদায়িতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ। আর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ। এবারের ফলসহ চার বছরের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, মেয়েরা ধারাবাহিকভাবে ভালো করছে। এবার ছেলেদের সঙ্গে তাদের ফলের ব্যবধানও বেশ বেড়েছে।
গতকাল ফল প্রকাশের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, সমসাময়িক বছরগুলোর ফলাফল তুলনা করে দেখা গেছে, ব্যতিক্রম ছাড়া হয়তো একটা সূচকে মেয়েরা এগিয়ে থাকলে, আরেকটিতে ছেলেরা এগিয়ে থাকত। কিন্তু এবার সব দিক দিয়ে ভালো করে ব্যবধানও বাড়িয়েছে মেয়েরা। তবে মেয়েরা এগিয়ে থাকলেও ছেলেরাও ভালো করেছে।
অবশ্য বিশেষজ্ঞরা বেলছেন, নিচের ক্লাসে ছাত্রীরা ভালো করলেও যত ওপরে উঠছে, ঝরে পড়ার হারও তত বাড়ছে। এর বড় কারণ হলো বাল্যবিবাহ। এ জন্য এ বিষয়ে সরকারকে নজর দিতে হবে।
গতকাল সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে দুপুরে সচিবালয়ে পৃথক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন তাঁরা। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশিত হয়। একই সঙ্গে ওয়েবসাইট ও মুঠোফোনেও ফল জানা গেছে।
২০১৩ সাল থেকে চলতি বছরের জেএসসি ও জেডিসির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রথম দুই বছরে ছাত্রদের পাসের হার বেশি ছিল। গতবার ছাত্রীরা সামান্য এগিয়ে থাকলেও তা ছিল প্রায় কাছাকাছি। কিন্তু এবার পাসের হার ও জিপিএ-৫—সব দিক দিয়েই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করে ব্যবধানও বাড়িয়েছে। ফলের সর্বোচ্চ সূচক হলো জিপিএ-৫। এবার এই দুই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন। এর মধ্যে ৫৭ শতাংশই ছাত্রী।
পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে ছাত্রীরাও এগিয়ে ছিল। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ৪৬ হাজার ৯৫৯ জন। এর মধ্যে ছাত্রী ১২ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। আর ছাত্র ১০ লাখ ৯৬ হাজার ৫২২ জন। গতবারও ছাত্রী বেশি ছিল। এবার মোট পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। এর মধ্যে ছাত্রী ১১ লাখ ৬৫ হাজার ৫৬ জন।
এবার জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ১৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৯২ শতাংশ। পরিসংখ্যান বলছে, ছাত্রদের পাসের হার শূন্য দশমিক ৬৮ শতাংশ কমেছে। বিপরীতে ছাত্রীদের পাসের হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। আলাদাভাবে আট বোর্ডের অধীন জেএসসি পরীক্ষার ফলাফলেও মেয়েরা এগিয়ে।
সমাপনীতেও এগিয়ে মেয়েরা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল ২৮ লাখ ৩০ হাজার ৭৩৪ জন। পাস করেছে ২৭ লাখ ৮৮ হাজার ৪৩২ জন। পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হার দুই দিক দিয়েই ছাত্রীরা এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৯৮ দশমিক ৫৬ শতাংশ ও ছাত্রদের পাসের হার ৯৮ দশমিক ৪৪ শতাংশ। এই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। এর মধ্যে প্রায় ৫৫ শতাংশই ছাত্রী।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বলেছেন, এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা বেশি ভালো করেছে। তিনি বলেন, জেএসসি ও জেডিসিতে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৫০টি। বিপরীতে একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠান ২৮টি। বিদেশের আট কেন্দ্রে ৬২৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন।
ছাত্রীদের ভালো ফলাফলের বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, মেয়েদের এই ভালো ফল অপ্রত্যাশিত নয়। কারণ, সাধারণ প্রবণতা হলো পড়াশোনায় মেয়েরা বেশি মনোযোগী থাকে। এ ছাড়া উপবৃত্তি মেয়েদের শিক্ষায় টিকে থাকা ও ভালো করার সহায়ক হিসেবে কাজ করছে। মানুষের সচেতনতাও বেড়েছে। কিন্তু মেয়েরা যত ওপরে উঠছে, ঝরে পড়াও তত বাড়ছে। এর মূল কারণ বাল্যবিবাহ। এ জন্য প্রাথমিক ও মাধ্যমিকের এই অর্জন ধরে রাখতে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।