মেয়েদের বিয়ের বয়স কমানো হবে আত্মঘাতী
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬-এর খসড়ায় বিশেষ ক্ষেত্রে ‘অপ্রাপ্তবয়স্ক’ বা ১৮ বছরের কম বয়সী মেয়েদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় বিয়ে হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না, এ ধরনের বিধান বহাল থাকায় সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, নারীর ক্ষমতায়নের জন্য এই সিদ্ধান্ত হবে পশ্চাৎমুখী ও আত্মঘাতী।
৬৯টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি শর্তহীনভাবে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর করার জন্য আবারও দাবি জানিয়েছে। এ মোর্চার সচিবালয় হিসেবে কাজ করছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল বুধবার সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিশু অধিকার সনদ ও বাংলাদেশের প্রচলিত শিশু আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। কিন্তু বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ধারায় বিশেষ শর্তে মেয়েদের বিয়ের বয়স কমানো হলে তা সাংঘর্ষিক হবে। বিজ্ঞপ্তি।