মেয়েদের বিয়ের বয়স কমানোর প্রক্রিয়ায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিশেষ শর্ত দিয়ে মেয়েদের বিয়ের বয়স কমিয়ে ফেলার যে প্রক্রিয়া শুরু করেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিশু অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটি। শিশুদের ওপর অব্যাহত সহিংসতা ও নির্যাতনের ঘটনায়ও কমিটি উদ্বেগ জানিয়েছে।
জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের পঞ্চম প্রতিবেদনের ওপর চূড়ান্ত পর্যবেক্ষণে কমিটি এসব উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে কমিটির দেওয়া চূড়ান্ত পর্যবেক্ষণগুলো উপস্থাপন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম জানিয়েছেন, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স ১৮ বছর। বিশেষ শর্তের বিষয়টি চূড়ান্ত হয়নি। কমিটির চূড়ান্ত পর্যবেক্ষণগুলো যথাযথভাবে পর্যালোচনা করে তা বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার শিশুদের উন্নয়নে বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করেন। তিনি পরিবর্তনশীল বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় রেখে শিশুদের স্বার্থরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পর্যবেক্ষণ প্রতিবেদনে ২০১৩ সালের শিশু আইনে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে সংজ্ঞায়িত করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে কমিটি। এ ছাড়া কমিটি প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন, জন্ম ও মৃত্যুনিবন্ধন (সংশোধন) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করায় সরকারের প্রশংসা করেছে।
শিশু অধিকার সনদের সঙ্গে সংগতি রেখে শিশুসংশ্লিষ্ট আইনের বাস্তবায়ন, শিশুসংক্রান্ত আইন সম্পর্কে সবাইকে জানানো এবং এর বাস্তবায়নের জন্য পর্যাপ্ত মানবসম্পদ ও বাজেট বরাদ্দ করা, জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের সব ক্ষেত্রে শিশু সনদ বাস্তবায়নে একটি কার্যকর আন্তমন্ত্রণালয় কমিটি গঠনের সুপারিশ করেছে কমিটি। বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও সুপারিশ করেছে কমিটি।
অন্যান্য সুপারিশের মধ্যে মেয়েশিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালানো, পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও পর্যালোচনার ব্যবস্থা গড়ে তোলা, শিশুদের জন্য একজন ন্যায়পাল নিয়োগ করা, শিশুকেন্দ্রিক বাজেট বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য ও শিশু সুরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
শিশু সনদের ৪৪ ধারা অনুযায়ী, বাংলাদেশ সরকার পাঁচ বছর পরপর কমিটির কাছে প্রতিবেদন পেশ করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ২০১২ সালের অক্টোবরে পাঠানো প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত বছরের ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর জেনেভায় সিআরসি বাস্তবায়নের অগ্রগতি বিশ্লেষণ করা হয়। বিজ্ঞপ্তি