মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম ১৮ বছর বহাল রাখার দাবি জানিয়েছে ৭০টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি।
গতকাল সোমবার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়। হাইকোর্টের সামনের কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বিয়ের বয়স পরিবর্তন করে কমিয়ে ফেলা হলে তা হবে প্রচলিত দেশীয় আইন, জাতিসংঘের বিভিন্ন সনদ ও অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
মানববন্ধনে অংশ নিয়ে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আমাদের দাবি একটাই, তা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম ১৮ বছর রাখা হোক। ১৬ বছরে যেখানে একটি মেয়ে স্কুলের গণ্ডি পেরোতে পারে না, সেখানে মেয়ে কীভাবে পরিবারের দায়িত্ব নেবে?’
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, মেয়েদের বিয়ের বয়স সরকার যদি শর্ত দিয়ে কমিয়ে ফেলতে চায়, তা নারী আন্দোলনকারীরা মেনে নেবেন না।