মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর করার ব্যাপারে আপত্তি তুলেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বেশির ভাগ সদস্য। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা এ আপত্তি জানান। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
অবশ্য সংসদীয় কমিটির সভাপতির পরামর্শে সদস্যরা ছেলে ও মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণের বিষয়টি মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজের উপস্থিতিতে আলোচনার সিদ্ধান্ত নেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ করা-সংক্রান্ত মন্ত্রিসভার নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটির সদস্য রিফাত আমিন বলেন, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ২০ বছর করা উচিত। সেখানে সরকার ১৬ করার চিন্তাভাবনা করছে। এমন হলে মেয়েদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাবে। জনসংখ্যাও বাড়বে। নারীশিক্ষা ব্যাহত হবে। তাঁর এই বক্তব্যকে সমর্থন জানান কমিটির সদস্য মোজাম্মেল হোসেন ও নাসরিন জাহান।
বৈঠক শেষে কমিটির সভাপতি রেবেকা মোমিন সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের মতের বিরুদ্ধে সুপারিশ করলে বিরোধপূর্ণ অবস্থার সৃষ্টি হবে। এ ছাড়া বৈঠকে প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন না। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা করে কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও পরামর্শ করা হবে।
রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোজাম্মেল হোসেন, নাসরিন জাহান, মনোয়ারা বেগম, রিফাত আমিন প্রমুখ অংশ নেন।
গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন করা হয়। এতে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং মেয়েদের ক্ষেত্রে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনার জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। বিদ্যমান বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ এবং মেয়েদের ১৮। বৈঠকে মন্ত্রণালয় থেকে যে খসড়া প্রস্তাব করা হয়েছে, তাতে বিয়ের ক্ষেত্রে বিদ্যমান আইন বহাল রাখা হয়েছে।