মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করা হবে আত্মঘাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সামাজিক প্রতিরোধ কমিটির সংবাদ সম্মেলনে বাঁ থেকে জাকিয়া কে হাসান, আয়শা খানম, আফরোজা হক ও শাহীন আনাম l ছবি: ফোকাস বাংলা
জাতীয় প্রেসক্লাবে গতকাল সামাজিক প্রতিরোধ কমিটির সংবাদ সম্মেলনে বাঁ থেকে জাকিয়া কে হাসান, আয়শা খানম, আফরোজা হক ও শাহীন আনাম l ছবি: ফোকাস বাংলা

বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় ‘বিশেষ বিধান’ বহাল রেখে মেয়েদের বিয়ের বয়স কমানো হলে ৬৮টি নারী ও মানবাধিকার সংগঠনের জোট সামাজিক প্রতিরোধ কমিটির প্রতিনিধিরা রাজপথে আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন। তাঁদের কথা শোনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক। এতে বলা হয়েছে, আইনে বিশেষ বিধান বহাল রেখে শর্ত দিয়ে মেয়েদের বয়স ১৬ বছর করা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘জানতে পারলাম, আইনের খসড়ায় বিশেষ বিধান বহাল রাখা হচ্ছে। এটা নারী আন্দোলনের জন্য চরম দুর্ভাগ্য। এ ধরনের আইন কার্যকর হলে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টারে নির্যাতনের শিকার নারীর সংখ্যা বাড়বে। সরকার কি তাহলে সিদ্ধান্ত নিয়ে অগ্রগতির চাকা পিছিয়ে দিতে চাইছে?’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘বিষয়টি দাঁড়িয়েছে, মাথাব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। বিশেষ বিধান বহাল রেখে তাৎক্ষণিকভাবে দেশে বাল্যবিবাহের হার কম, তা দেখানো সম্ভব হবে। তবে দীর্ঘ মেয়াদে এর পরিণতি হবে ভয়াবহ। তাই আমাদের যাতে আন্দোলনে যেতে না হয় সরকারকে তা দেখতে হবে।’
উইমেন ফর উইমেনের সভাপতি জাকিয়া কে হাসান প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘বিয়ের বয়স কমানো শিশু হত্যার শামিল। মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম ১৮ বছর রাখতেই হবে।’
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, ‘প্রধানমন্ত্রীকে আমাদের কথা শুনতে হবে। কোনোভাবেই আমরা এ ধরনের আইন মেনে নেব না। এ আইন হলে বিয়ের মাধ্যমে “মেরিটাল রেপ”কে উৎসাহিত করা হবে।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রধানমন্ত্রীকে নারীবান্ধব উল্লেখ করে তাঁর সময়ে এ ধরনের আইন কেমন করে হতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, ব্র্যাকের চিররঞ্জন সরকার, কর্মজীবী নারীর রোকেয়া রফিক, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের দিলীপ সরকার, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নাসিমুন আরা হক, দীপ্ত ফাউন্ডেশনের মাহমুদা ইমাম, আইন ও সালিশ কেন্দ্রের রওশন জাহান, বাংলাদেশ নারী প্রগতি সংঘের শাহনাজ সুমী এবং নারীপক্ষের রওশন আরা বক্তব্য দেন।