মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকবে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। গতকাল মঙ্গলবার দুপুরে ‘বাল্যবিয়ে নির্মূলকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি, এই সরকার নারীবান্ধব সরকার। এই সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তাই এই সরকার দিয়ে নারীর ক্ষতি হবে, আইন হবে, তা হতে পারে না। মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকবে। সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না। আমি বলতে চাই, এর বাইরে দ্বিতীয় কোনো কথা বলবেন না। আপনারা পত্রপত্রিকায় বারবার বলবেন না, বিয়ের বয়স কমে যাচ্ছে। মোটেই কমে যাবে না।’ প্রতিমন্ত্রী মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরই থাকবে বলার পর সভায় উপস্থিত প্রতিনিধিরা তুমুল করতালির মাধ্যমে এই বক্তব্যকে স্বাগত জানান।
মতবিনিময় সভা শেষে প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যমের পক্ষ থেকে মেয়েদের বিয়ের বয়স প্রসঙ্গে আইনে কোনো ধরনের শর্ত থাকছে না—সরাসরি এটি বলা যাবে কি না, জানতে চাইলে মেহের আফরোজ বলেন, ‘বিয়ের বয়স ১৮ বছরই থাকছে, এর বাইরে তো আর এত কথা লেখার দরকার নাই।’
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই মতবিনিময় সভা হয়। প্রধান অতিথির বক্তব্যের পর সভার সভাপতি ব্র্যাকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুসা বলেন, ‘প্রতিমন্ত্রীর বক্তব্যে বিয়ের বয়স নিয়ে আইনে আর “যদি”, “কিন্তু”, “তবে” না থাকার কথা স্পষ্ট হয়ে গেছে।’
প্রতিমন্ত্রীর বক্তব্যের আগে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, জাতিসংঘের সিডও কমিটির সাবেক চেয়ারপারসন সালমা খান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীসহ কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে সরকার যে আইন করতে যাচ্ছে সেখানে বিয়ের বয়সের ক্ষেত্রে ‘যদি’, ‘কিন্তু’ বা ‘তবে’ দিয়ে কোনো ধরনের শর্ত থাকছে কি না, সরকারের পক্ষ থেকে তা স্পষ্ট করতে প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
গত বছর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাল্যবিবাহ নিরোধ আইনের একটি খসড়া তৈরি করে। ওই খসড়া আইনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ ডিসেম্বর একটি অনুশাসন দেন। এতে বলা হয়, বিয়ের বয়স ১৮, তবে পিতা-মাতা বা আদালতের সম্মতিতে ১৬ বছর সবার কাছে গ্রহণযোগ্য হবে। সামাজিক সমস্যা কম হবে। চলতি বছরের জানুয়ারিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে এ অনুশাসন সংযুক্ত করে খসড়াটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে মেয়েদের বিয়ের বয়স নিয়ে জটিলতার অবসান না হওয়ায় খসড়াটি এখনো আইন মন্ত্রণালয়েই আছে। এ কারণেই আইনে শর্ত থাকছে কি না, তা গতকাল প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়।
বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্র্যাকের জেন্ডার জাস্টিস ও ডাইভারসিটির মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি এবং জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং (জিকিউএএল) কর্মসূচির মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ১৯টি কর্মশালা করা হয়। এসব কর্মশালায় সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রারসহ ১ হাজার ২৯৪ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালা থেকে পাওয়া সুপারিশগুলো জানাতেই গতকাল জাতীয় পর্যায়ের এই মতবিনিময় সভা করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মশালায় অংশগ্রহণকারীদের অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিসেফসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বাল্যবিবাহকে সামাজিক বড় একটি সমস্যা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ১৮ বছরের কম বয়সীরা শিশু। জাতিসংঘের শিশু অধিকার সনদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সঙ্গে বাংলাদেশও শিশুর বয়সের সঙ্গে একমত। বিয়ের বয়সটি শিশুর বয়স হবে না। বিয়ের আগে গর্ভধারণসহ অন্যান্য সামাজিক সমস্যার কথাও তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী ইরানের উদাহরণ দিয়ে বলেন, ইরানে বিয়ের বয়স ১৩ বছর। তবে অভিভাবকেরা শিক্ষিত ও সচেতন হওয়ায় ২০ বছর বয়সের আগে বিয়ে দেন না। বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটবে। তিনি এনজিও প্রতিনিধিসহ সভায় উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘অনেক সময় পত্রপত্রিকায় বলা হচ্ছে, বিয়ের বয়স ১৫ বা ১৬ বছর। ১৬ বছরের কথাই বেশি বলা হচ্ছে। পত্রপত্রিকায় এ কথা বলবেন না। বারবার বললে ভাব আসবে, বিয়ের বয়স কমে যাবে বোধ হয়।’
সভায় বাল্যবিবাহ নিয়ে মূল বক্তব্য এবং কর্মশালাগুলো থেকে পাওয়া সুপারিশগুলো তুলে ধরেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক শীপা হাফিজা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিলি বিশ্বাস, উইমেন ফর উইমেনের চেয়ারপারসন জাকিয়া কে হাসান, দাতা সংস্থা ডিএফআইডির দেশীয় পরিচালক সারাহ কুক প্রমুখ।