মেয়েদের বিয়ের বয়স ১৮ রাখার দাবি মহিলা পরিষদের
বাংলাদেশ মহিলা পরিষদ মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছর রাখার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে। পরিষদ মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কমানোর বিষয়ে সরকার যে ধরনের চিন্তাভাবনা করছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল মঙ্গলবার ‘বৈষম্য দূরীকরণসহ কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করুন’ স্লোগান সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে মহিলা পরিষদ এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পরিষদের পরিচালক (লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবি) মাকসুদা আখতার।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করা নিঃসন্দেহে একটি পরস্পরবিরোধী চিন্তা। একদিকে সরকার নারীর ক্ষমতায়নের কথা বলছে আবার বিয়ের বয়স কমানোর বিধান করতে চাইছে, যা দেশকে পেছনের দিকে ঠেলে দেবে। বাল্যবিবাহ নিরোধ করতে পারছি না বলে আমরা পিছিয়ে যাব, এটা মোটেই কোনো গঠনমূলক সিদ্ধান্ত হতে পারে না।’
পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রওশনআরা বেগম বলেন, ১৬ বছরের একটি মেয়ে কোনোভাবেই নিজেকে প্রজননের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারে না। এই বয়সী একটি মেয়েকে বিয়ে দেওয়া মানে হচ্ছে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। তাই সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
গত ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৪’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে বিদ্যমান আইন অনুযায়ী ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ এবং মেয়েদের ১৮ থেকে কমিয়ে ১৬ করা যায় কি না, তা পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ (অনুশাসন) দেওয়া হয়। বিজ্ঞপ্তি।