‘যদি’, ‘তবে’, ‘কিন্তু’ এসব শর্ত যুক্ত করে বা কোনো অবস্থাতেই মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর করা হলে, তা হবে আত্মঘাতী। আইনে এমন শর্ত থাকলে এর অপব্যবহারের সুযোগ তৈরি হবে। এ কারণে মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছরই রাখতে হবে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আইনে কন্যাশিশুর বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর বহাল রাখতে হবে’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজন করে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বাল্যবিবাহের হারের দিক থেকে বাংলাদেশ লজ্জাজনক অবস্থানে আছে। আইনে মেয়েদের বিয়ের বয়স ১৬ হলে তা আরেকটি লজ্জার বিষয় হবে। তিনি বলেন, অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা অপরিপক্ব শরীরে সন্তান জন্ম দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুমুখে পড়ে এবং অনেকে অপুষ্ট শিশুর জন্ম দেয়।
বদিউল আলম বলেন, বাল্যবিবাহ সংঘটিত হওয়ার প্রধান কারণ সামাজিক নিরাপত্তার অভাব। দেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে, অপছাত্ররাজনীতি ও বখাটেপনা বেড়েছে। তাই বাল্যবিবাহ রোধে নিরাপত্তা নিশ্চিত এবং দারিদ্র্য দূর করতে হবে।
আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান বলেন, বিয়ের বয়স ১৬ করা হলে এর মাধ্যমে শিশুদের বিয়ে দেওয়া বৈধতা পাবে। বেশির ভাগ বাবা-মা ১৬ বছরে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এ জন্য মেয়েদের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারপারসন তানিয়া হক বলেন, বর্তমান সরকার অযৌক্তিকভাবে মেয়েদের বিয়ের বয়স ১৬ করার চিন্তা করছে। মেয়েদের ক্ষতি করে বহির্বিশ্বে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা ভাবছে। এটা সামগ্রিক রাজনৈতিক খেলার অংশ, এ থেকে সরকারকে বিরত থাকতে হবে।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।