মেয়েদের বিয়ের বয়সে বিশেষ ক্ষেত্রে ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় অনুমোদিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬’-এর খসড়ায় মেয়েদের বিয়ের বয়স ১৮ রাখা হলেও বিশেষ প্রেক্ষাপটে বিশেষ ছাড় দেওয়ায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে ওই মানবাধিকার সংগঠনটি এ উদ্বেগ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনটিতে পুরুষের ক্ষেত্রে ২১ এবং নারীর ক্ষেত্রে ১৮ বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না উল্লেখ করা হলেও এর ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম কোনো স্বার্থে আদালত কর্তৃক নির্দেশনাক্রমে মা-বাবার সম্মতিতে আইনি প্রক্রিয়া অনুসরণক্রমে বিয়ে সম্পাদিত হলে তা এই আইনে অপরাধ বলে গণ্য হবে না। এই বিশেষ ছাড়ের বিধান রাখায় বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে।

আসকের নির্বাহী পরিচালক মো. নূর খানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হওয়ার পর থেকে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত দিন পর্যন্ত সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন, সুশীল সমাজ ও প্রচারমাধ্যম এটি বন্ধে কাজ করে আসছে। মেয়েদের বিয়ের বয়স ১৮—এ বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং জনসাধারণ সচেতন হয়েছে। এ পরিস্থিতিতে বিশেষ ছাড়ের বিধান রাখা মানেই হলো বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে অগ্রগতির পরিবর্তে পিছিয়ে যাওয়া। আসক মনে করে, দেশে বাল্যবিবাহ বন্ধ করার লক্ষ্যে আইনটির বিশেষ শর্তযুক্ত ধারাটি না রাখলে সেটি অধিকতর ফলপ্রসূ হবে।