মেয়েদের সাফল্যে উচ্ছ্বসিত কলসিন্দুর
গত শুক্রবার বেলা পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম আলোর এই প্রতিবেদককে ফোন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী দলের খেলোয়াড় মারিয়া। ফিসফিস করে বলে, ‘সাড়ে ১২টায় আমাদের ফ্লাইট। নেপাল যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’
কথার একফাঁকে জানতে চেয়েছিলাম, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী সে। মারিয়ার সোজাসাপটা উত্তর ছিল, ‘আমরা জিতব’।
গতকাল রোববার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব-১৪ এএফসি আঞ্চলিক ফাইনালে ১-০ গোলে নেপালকে হারিয়ে কথা রেখেছে কলসিন্দুরের অদম্য মেয়েরা। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছে সেই মারিয়া।
মারিয়া, মার্জিয়া, সানজিদাসহ কলসিন্দুরের ১০ মেয়ে ফুটবলার নিয়ে গড়া বাংলাদেশের জয়ে দারুণ উচ্ছ্বসিত কলসিন্দুর গ্রামের মানুষ। গত শনিবার থেকে তাঁরা প্রস্তুতি নিয়েছিলেন টেলিভিশনে খেলা দেখার। শেষমেশ জানতে পারেন টেলিভিশন খেলা দেখাবে না। তাতে কী? গ্রামের মেয়েদের মতো তাঁরাও তো অদম্য। শেষ পর্যন্ত অনলাইনে খেলার দেখার ব্যবস্থা হয়। কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মফিজ উদ্দিন শিষ্যদের নিয়ে খেলা দেখেছেন এভাবেই। সঙ্গে ছিলেন প্রধান শিক্ষক মিনতি রানী শীল ও শিক্ষার্থীরা। খেলা শেষে মফিজ উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের জয় প্রথম আনন্দ। আর দ্বিতীয় আনন্দ আমাদের মারিয়ার গোলে শিরোপা জেতা।’ উল্লেখ্য, এই মফিজ স্যারের হাত ধরেই কলসিন্দুরের মেয়েদের ফুটবল খেলা শেখা।
ধোবাউড়া উপজেলার এই প্রত্যন্ত গ্রামে খেলা নিয়ে সবার মধ্যে উত্তেজনা ছিল। খেলা শেষ হতেই কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিল বের হয়। কলসিন্দুর বাজারজুড়ে বয়ে যায় আনন্দের বন্যা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দলের মোট ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১০ জনই কলসিন্দুর ও এর আশপাশের গ্রামে। ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুবার বঙ্গমাতায় জাতীয় চ্যাম্পিয়ন হয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হয়েও তারা এখনো সেই মফিজ উদ্দিনের শিষ্য হিসেবে প্রতিদিন অনুশীলন করে কলসিন্দুর স্কুলের মাঠে। সবাই পড়ছে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায়।
মেয়েদের অদম্য ইচ্ছা আর সফলতার গল্প নিয়ে গত ২২ আগস্ট প্রথম আলোয় শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলসিন্দুরের এ নিয়ে অদম্য মেয়েরা নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়। কলসিন্দুরের মেয়েদের গল্প দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে।