মেয়েদের সাফল্যে কলসিন্দুরসহ নয় গ্রামে বিদ্যুৎ

অদম্য কিশোরী ফুটবলারদের কল্যাণে আলোকিত গ্রাম হয়ে উঠেছে কলসিন্দুর। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত এই গ্রামটি এবার বিদ্যুতের আলোয় আলোকিত হলো। বিদ্যুতের আলো পৌঁছে গেছে কলসিন্দুরসহ নয়টি গ্রামের ৮০৩টি পরিবারে।
ফুটবলার মেয়েদের চাওয়াকে সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহের কাজটি করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আজ শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উৎসবমুখর পরিবেশে কলসিন্দুরসহ নয়টি গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান আকন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ঘোষণা দেওয়ার ৫০ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে কলসিন্দুরের কিশোরী ফুটবলার, তাঁদের অভিভাবক-স্বজন ও গ্রামবাসী দারুণ উচ্ছ্বসিত।
এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলসিন্দুরের ১৯ ফুটবলার মেয়েকে মঞ্চে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে কলসিন্দুরের ওই ফুটবলার মেয়েদের নিয়ে নির্মিত ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রামাণ্যচিত্রে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিনের অনুপ্রেরণায় ১৯ কিশোরীর ফুটবলার হয়ে উঠার গল্প দেখানো হয়। ২০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত নারীদের এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় স্বাগতিকদের হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী দলের ১৮ ফুটবলারের মধ্যে ১০ জনই কলসিন্দুরের।
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক মেয়েদের কাছে তাদের চাওয়ার কথা জানতে চাইলে বলে, তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। তারা বিদ্যুৎ চায়। পরদিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই মেয়েদের বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান। স্ট্যাটাসটি দেওয়ার কিছুক্ষণ পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইনবক্সে একটি বার্তা পাঠিয়ে জানান যে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে (তখন দেশের বাইরে অবস্থান করছিলেন) অনুরোধ করেছেন, কলসিন্দুরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট বিভাগকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গত ৯ নভেম্বর থেকে শুরু হয় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ।
আজ দুপুর ১২টায় কলসিন্দুর মাঠে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে কলসিন্দুর, গামারিতলা, পশ্চিম গামারিতলা, পঞ্চদন্দপুর, দক্ষিণ রানীপুর, মুক্তাগাছা, রামসিংহপুর, গৌরীপুর, সোহাগীপাড়া গ্রামের মানুষ কাল থেকেই কলসিন্দুর মাঠে জড়ো হন। সবার মধ্যে ছিল দারুণ উচ্ছ্বাস। উদ্বোধন শেষে কলসিন্দুর মাঠে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিজয়ের মাসে আরও এক বিজয় আনল কলসিন্দুরের মেয়েরা। শুধু ফুটবলের বিজয়ই নয়, অন্ধকার থেকে আলোর পথে আসার বিজয়। তিনি আরও বলেন, ২০১৮ সালের মধ্যে সারা বাংলাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
কাঙ্ক্ষিত বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বাসিত অদম্য মেয়েরা। অনুষ্ঠানের সময় ১৯ ফুটবলারের মধ্যে ১৪ জন উপস্থিত ছিল। মারিয়া, মার্জিয়া, সানজিদা, শিউলি ও শামছুন্নাহার এসএ গেমসের জন্য বাংলাদেশ নারী দলের অনুশীলন ক্যাম্পে থাকায় উপস্থিত থাকতে পারেনি।
গামারিতলা গ্রামের নাজির উদ্দিন উচ্ছ্বসিত গলায় বলেন, ‘হাজার বছরের অন্ধকার দূর হলো আজ। আনন্দের সীমা নেই। মেয়েদের জন্য আজ আমরা বিদ্যুৎ পেলাম। এরা সোনার মেয়ে।’
মেয়েদের সফলতার গল্প ২২ আগস্ট প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয়। এরপর প্রথম আলোর পক্ষÿথেকে কলসিন্দুরের মেয়েদের নিয়ে ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়।