মেয়েদের স্বার্থরক্ষায় আইনি লড়াইয়ে যাওয়ার ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি পাস হওয়া বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারা পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। সংগঠনটি বলেছে, সরকার বিশেষ ধারা বাতিল না করলে মেয়েদের স্বার্থরক্ষায় তারা আদালতে যাওয়ার কথা ভাববে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিশেষ বিধান বহাল রেখে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ পাস হওয়ার প্রেক্ষিতে’ শিরোনামে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীকে খুশি করতেই আইনে নতুন ধারাটি রাখা হয়েছে। আইনটিতে ‘বৃহত্তম স্বার্থ’ কথাটির সংজ্ঞায়িত করা হয়নি। আদালতের অনুমতিতে যে বিয়ে হতে পারবে; সেখানে কোন ‘আদালত’, তা স্পষ্ট করে বলা হয়নি। এ ছাড়া ধারা (৩)-এ বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠনের কথা বলা হয়েছে; যেটি বিশেষ ধারার সঙ্গে সাংঘর্ষিক।
অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, মেয়েদের স্বার্থরক্ষায় গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে হবে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইনটিতে বেশ কিছু ফাঁকফোকর আছে। সরকারের মনোভাব যদি এমন হয়, তবে আদালতে যেতেই হবে।
অনুষ্ঠানে আইনজীবী এ কে রাশেদুল হক বক্তব্য দেন।
প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন’ পাস হয়েছে। এতে বিশেষ প্রেক্ষাপটে সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশ এবং মা-বাবার সম্মতিতে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদেরও বিয়ের সুযোগ থাকছে।