মেয়েদের হলে ফুটবলযুদ্ধ

টিভি পর্দার দিকে নিবিষ্ট মনে তাকিয়ে আছেন সবাই। চিলি বনাম ব্রাজিলের খেলা চলছে। টানটান উত্তেজনা। বাঘে-মহিষে লড়াই। কখনো ব্রাজিলের নেইমার বা হাল্ক বল নিয়ে ঢুকে পড়ছেন চিলির দুর্গে। গোলপোস্টের দিকে কোনো শট হলেই সম্মিলিত চিৎকার ব্রাজিল সমর্থকদের। আবার সানচেজরা যখন হলুদ শিবিরে হানা দিচ্ছিলেন, তখন চিৎকার করে উঠছিলেন চিলির সমর্থকেরা। আর গোল হলে তো কথা নেই, চিৎকারে কান পাতা দায়।
২৮ জুন রাত ১০টায় চট্টগ্রাম বিশ্বদ্যািলয়ের প্রীতিলতা হলের টিভি রুম যেন পরিণত হয়েছিল স্টেডিয়ামের গ্যালারিতে। হাজার মাইল দূরের ব্রাজিলে চলছে খেলা। কিন্তু তাকে কী। খেলোয়াড়দের উৎসাহ দেওয়া, মার মার বলে চেঁচিয়ে ওঠায় কারও ক্লান্তি ছিল না। ব্রাজিলের প্রথম গোলের পর ভক্তদের উল্লাস দেখে কে। কিন্তু চিলির পাল্টা গোলের পর এবার অন্য পক্ষের উল্লাসের পালা। এমন উত্তেজনা চলেছে টাইব্রেকার পর্যন্ত। শেষ পর্যন্ত ব্রাজিল জেতায় দলটির ভক্তরাই শেষ হাসি হাসেন।
প্রীতিলতা হলজুড়ে এখন বিশ্বকাপের উত্তেজনা। তবে টিভি রুমে ভিড় বাড়ে ব্রাজিল বা আর্জেন্টিনার খেলার সময়। এই হলে দল দুটির সমর্থক প্রায় সমান সমান। ব্রাজিলের খেলার সময় আর্জেন্টিনার ভক্তরা আসেন বিপক্ষ দলকে সমর্থন দিতে। আর আর্জেন্টিনার খেলার সময় একই কাজ করেন ব্রাজিলের সমর্থকেরা। সারা রাত ধরে চলে খেলা দেখার পাশাপাশি আড্ডা আর নাচা-গান। টিভি রুমের ৩৪ ইঞ্চির একটি এলইডি টিভি এখানকার মেয়েদের আনন্দের উৎস।
খেলা শুরুর আগেই মেয়েরা নিজ দলের সমর্থকদের টিভি রুমে জড়ো করেন।
হলের আবাসিক শিক্ষার্থী রাবেয়া সিদ্দিকা ব্রাজিলের সমর্থক। তিনি বলেন, আর্জেন্টিনার সমর্থকেরা কখনো ব্রাজিলের জয় সহ্য করতে পারেন না। তাঁদের মুখে চুন কালি লেগেছে আজ।
আর্জেন্টিনা-ব্রাজিলের বাইরেও রয়েছেন অন্য দলের সমর্থক। তাঁদেরই একজন সুমাইয়া আফরোজ। তিনি সমর্থন করেন হন্ডুরাসকে। কারণ, ব্রাজিল-আর্জেন্টিনার মারামারিতে তিনি থাকতে চান না। তবে খেলা দেখতে ভালোবাসেন বলে টিভি রুমে আসেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শামসুননাহার হলের চিত্রও এমন। মেয়েদের এই দুটি আবাসিক হলেও বিশ্বকাপ নিয়ে চলছে উত্তেজনা। শামসুননাহার হলের একজন শিক্ষার্থী বলেন, খেলা শেষ হলে হলের বারান্দা ও ব্লকগুলোতে চলে খণ্ড বিজয় মিছিল। কেউ যখন প্রিয় দলের পরাজয়ে হতাশ, অন্য কেউ তখন দিব্বি তাঁর সামনেই উল্লাস করে চলেছেন।
তবে ফুটবল নিয়ে সব ঝগড়াঝাঁটি আসলে চলে ওপরে ওপরে। মিলেমিশে ফুটবলের আনন্দ ভাগ করে নেন সবাই। প্রতিপক্ষ না থাকলে খেলা দেখার মজাই নেই। এমন ঝগড়া তো মধুর ঝগড়া। মন্তব্যটা প্রীতিলতার এক আবাসিক ছাত্রীর।