মেয়েদের ১৮ বছরের আগে বিয়ের সুযোগ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিরাপদ পরিসর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ের সুযোগ কোনোভাবেই রাখা যাবে না। মা-বাবা থেকে পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের পর্যাপ্ত সুযোগ থাকতে হবে। সহজ ভাষায়, সচেতনতামূলক প্রচারাভিযান চালাতে হবে। আইনের প্রয়োগ যথাযথভাবে করতে হবে। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
বাল্যবিবাহ প্রতিরোধসহ নারী নির্যাতন বন্ধে সহজ ভাষায় সচেতনতামূলক তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী। তিনি বলেন, আগে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কম খরচে বেশ কিছু প্রচারাভিযান চলেছে, কিন্তু সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এগুলো আবার ফিরিয়ে আনতে হবে। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মেয়েরা যদি ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারে, তবে বিয়ের বয়স কোনোভাবে ১৬ হতে পারে না।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম নেছার উদ্দিন ভুঁইয়া বলেন, বেসামরিক প্রশাসন থেকে শুরু করে সবক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে অনেক এগিয়ে গেছে। এ যুগে এসে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে হলে সেটা হবে দুঃখজনক। বিয়ের এই বয়স যেন ঠিক থাকে এ জন্য কাজ চলছে।
অনিবন্ধিত বিয়েকে বাল্যবিবাহ প্রতিরোধে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মো. ফখরুজ্জামান। তিনি বলেন, ভুয়া কা​জি, কোনো কোনো মসজিদের ইমাম এসব বিয়ে পড়ান। স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকাও এ ক্ষেত্রে দুঃখজনক।

‘বাল্যবিয়ে প্রতিরোধে নিরাপদ পরিসর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ব্র্যাক ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। ছবি: জাহিদুল করিম
‘বাল্যবিয়ে প্রতিরোধে নিরাপদ পরিসর’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ব্র্যাক ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। ছবি: জাহিদুল করিম


কেরানীগঞ্জের ‘মা সমাবেশ’-এর উদাহরণ দিয়ে আবুল বাশার বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে অপ্রাতিষ্ঠানিকভাবে মা ও মেয়েদের নিয়ে সমাবেশ করা যেতে পারে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মেয়েদের লেখাপড়ার খরচ চালানোর জন্য বিশেষ তহবিল গঠন করা যেতে পারে। কেরানীগঞ্জের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ ধরনের তহবিল গঠন করা হয়েছে।
প্রতিটি ব্যক্তির কাছে গিয়ে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। তিনি বলেন, গণমাধ্যম ও প্রচার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ ছাড়া মা-বাবাকে কাউন্সেলিং করানো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটি ঠিকমতো করা হচ্ছে না।
গোলটেবিলের শুরুতেই ব্র্যাকের নারীদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচিতে গবেষণার অভিজ্ঞতা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম। তিনি মনে করেন, অর্থনৈতিক কারণই বাল্যবিবাহের অন্যতম কারণ। তিনি বলেন, সামাজিক নিরাপত্তার অভাবে যেমন বাল্যবিবাহ হচ্ছে, তেমনি অনেক পরিবার মেয়েশিশুর জন্য অর্থ ব্যয় করতে চায় না। অনেক পরিবার মেয়ের পরিবর্তে শুধু ছেলেটির পেছনে বিনিয়োগ করতে চায়।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা সুলতানা বলেন, বাল্যবিবাহসহ যেকোনো ধরনের নারী নির্যাতন প্রতিরোধে ১০৯২১ হটলাইন চালু হয়েছে। দিনের যেকোনো সময় এই নম্বরে ফোন করে যে কেউ নারী নির্যাতন রোধের জন্য সরকারের কাছ থেকে সাহায্য নিতে পারবেন।
বাল্যবিবাহ নিরোধ আইনের পাশাপাশি শিশু আইন প্রয়োগ করে বাল্যবিবাহ প্রতিরোধ করা উচিত বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, হাইকোর্টের একটি রায়ে দেশের সব নাগরিকের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর উল্লেখ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের কমিটি গঠন হলেও স্কুল-কলেজ পর্যায়ে হয়নি।
হাইকোর্টের নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের জন্য মন্ত্রণালয়ের চাপ প্রয়োজন বলে মনে করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের কর্মসূচি প্রধান হাবিবুর রহমান। তিনি বলেন, ২০১২ সালে যেখানে নারীর বিয়ের গড় বয়স ছিল ২০ দশমিক ১ বছর ছিল, সেখানে ২০১৪ সালে তা ১৮ দশমিক ৫ বছরে নেমে এসেছে। ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না।
ছেলে-মেয়ে উভয়েরই বিয়ের সর্বনিম্ন বয়স ২১ হলে ভালো হয় বলে মন্তব্য করেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়া। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের সচেতন করার পরিবর্তে ছেলেদের বরং বেশি করে সচেতন করা উচিত। এ ক্ষেত্রে পরিবার থেকে শিক্ষার কোনো বিকল্প নেই।
বাল্যবিবাহ ও শিশু অধিকার লঙ্ঘন একই বিষয় উল্লেখ করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি চিফ অব পার্টি তানিয়া নুসরাত জামান বলেন, সচেতনতার পাশাপাশি মেয়েদের কিছু দক্ষতা প্রশিক্ষণ যেমন আত্মরক্ষার কৌশল, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রভৃতিতে সম্পৃক্ত করতে হবে। মেয়েদের জন্য এমন একটি নিরাপদ পরিসর থাকতে হবে যেখানে সে সব ধরনের তথ্য পেতে পারে।
বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের সঠিক জন্মনিবন্ধনের ওপর জোর দেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, কুমিল্লার আহ্বায়ক ফাহমিদা জেবিন। তিনি বলেন, বিয়ে পড়ানোর সময় কাজিদের ভুয়া জন্মসনদ দেখানো হচ্ছে। এ জন্য জন্মনিবন্ধনটি ঠিকভাবে হওয়া দরকার। রাজনৈতিক প্রভাবে ভুয়া জন্মসনদ পাওয়া যায়। এ ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগের ওপর তিনি পরামর্শ দেন।
মিরপুর গার্লস আইডিয়াল হাইস্কুলের কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য জিনাত ফারহানা বলেন, স্কুলের অনেক ছাত্রীর অভিভাবককে হয়তো তাঁরা বাল্যবিবাহ না দিতে উদ্বুদ্ধ করেন, কিন্তু পরে গোপনে মেয়েদের বিয়ে দিয়ে দেন। তিনি কাউন্সেলিংয়ের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করার বিষয়ে পরামর্শ দেন।
ড. মুহম্মদ শহীদুল্লাহ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্রী ও স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্য সাদিয়া আকরাম বলে, ‘বাল্যবিয়ে, ইভ টিজিং, নারী নির্যাতন প্রতিরোধে দেশে যে নানা ধরনের আইন আছে এবং এ জন্য শাস্তি পেতে হবে—এ বিষয়গুলোই আমরা জানতাম না। স্কুলে মেজনিন কর্মসূচি শুরু হওয়ার পর আমরা এসব নিয়ে জানতে পারি।’
শেরেবাংলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও স্টুডেন্ট ওয়াচ গ্রুপের আহ্বায়ক নাজমুল রেজা রাহাত বলে, ‘আগে আমাদের স্কুলের ওয়াশ রুমে বা বোর্ডে অনেক খারাপ উক্তি লেখা থাকত। কিন্তু এখন আর তেমন কোনো খারাপ কথা লেখা থাকে না। মেজনিন কর্মসূচি শুরু হওয়ার পর স্কুলের ছাত্ররা সবাই ভালোভাবে এটাকে নিচ্ছে।’