গুলশান ও শোলাকিয়ায় হামলার তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশান ও শোলাকিয়ার হামলা হতে পারে, এমন তথ্য গোয়েন্দাদের কাছে ছিল। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হয়েছিল।
আজ রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গুলশানে হামলার ঘটনার তিন মিনিটের মধ্যে পুলিশ কর্মকর্তা ফারুক সেখানে পৌঁছান। পুলিশ তৈরি ছিল। আধা ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছাতে পারত। কিন্তু রেস্তোরাঁর ভেতরে কে কী অবস্থায় আছে, সে সম্পর্কে চিন্তা করতে হয়েছে। যারা সেখানে হামলা করেছিল, তাদের সঙ্গে যোগাযোগের সব চেষ্টাই করা হয়েছে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর অভিযানে ১৩ মিনিটের মধ্যে জিম্মি সংকটের সমাধান হয়েছে। শোলাকিয়ার ঘটনায়ও আগাম তথ্য ছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, ‘জঙ্গিবাদে যুক্ত তরুণের সংখ্যা কম। যারা নিখোঁজ আছে, তারা কে কোথায় আছে, সে সম্পর্কে তথ্য আছে। আমরা কঠোর হতে চাই না। আমরা বিপথগামীদের বলব তোমরা ফিরে এসো।’