
‘একমাত্র মেয়ে হত্যার বিচার না পেলে আমার বেঁচে থেকে লাভ কী?’ লেখা ব্যানার হাতে ষাটোর্ধ্ব মফিজুল হক গতকাল বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবে আসেন।
মফিজুলের বাড়ি উপজেলার চরচারতলা গ্রামে। ২৪ এপ্রিল উপজেলার চরচারতলা গ্রামে শ্বশুরবাড়ির পরিত্যক্ত পানির ট্যাংক থেকে তাঁর মেয়ে কামরুন্নাহারের (২৮) হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। কামরুন্নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। লাশ উদ্ধারের পর থেকে তাঁর স্বামী আরিফুল হক পলাতক। এ ঘটনায় মফিজুল বাদী হয়ে পরদিন আশুগঞ্জ থানায় আরিফুলের বিরুদ্ধে মামলা করেন।
মফিজুল হক গতকাল সাংবাদিকদের বলেন, ‘কামরুন্নাহারকে ২০১২ সালে পারিবারিকভাবে আমার আপন ভাতিজা আরিফুল হকের সঙ্গে বিয়ে দিই। তাদের সাড়ে তিন বছরের একটি মেয়ে আছে। প্রায় বছরখানক আগে আরিফুলের মুঠোফোনে একটি আপত্তিকর ছবি নিয়ে কামরুন্নাহারের ঝগড়া হয়। পরে বিষয়টি পারিবারিকভাব সমাধানও করা হয়। কিন্তু ২৪ এপ্রিল সকালে আরিফুল এসে জানায়, সকাল থেকে কামরুন্নাহারকে পাওয়া যাচ্ছে না। কিছু টাকাও খোয়া গেছে।’ তিনি বলেন, পরে ওই দিন সন্ধ্যায় তাঁর মেয়ের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু এত দিনেও আসামি গ্রেপ্তার হয়নি। এতে তিনি হতাশ।
গতকাল বুধবার রাতে জানতে চাইলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। মামলার বাদীর সঙ্গে এ বিষয়ে আজ (গতকাল) সন্ধ্যায় কথা বলেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তদন্তকারী বদলানো হয়েছে। এখন পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘আমরা শিগগির এই মামলার অভিযোগপত্র আদালতে দেব, যেন মামলার বিচারকাজ দ্রুত শুরু হয়।’