মেয়ের জন্য লাল জামা, ছেলের জন্য জুতা কিনবেন মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচালক বয়সে তরুণ। তবে বেশ ধীরস্থির। কথায় কথায় জানালেন, অন্য সময়ের তুলনায় এই মাসে একটু বেশি পরিশ্রম করবেন। কারণ ছয় বছরের ছোট্ট মেয়েটার জন্য একটা লাল জামা কিনবেন। এক বছরের ছেলেটার জন্য কিনবেন শার্ট আর জুতা। আর পরিবারের ঈদের খরচ উঠে গেলেই ছুটবেন নওগাঁয়; গ্রামের বাড়িতে।

গত শুক্রবার সকালে মিরপুরে কথা হয় রিকশাচালক মিজানুর রহমানের সঙ্গে। আর যার জন্য লাল জামা কিনবেন, সেই মেয়ের নাম মীম। ছেলের নাম জানালেন আরাফাত। এই শহরে বিশাল উঁচু উঁচু ভবনের পাশ দিয়ে রিকশা নিয়ে ছুটতে ছুটতে কথা বলছিলেন মিজান।

নওগাঁর মান্দা উপজেলায় মিজানের গ্রামের বাড়ি। খেয়ে না-খেয়ে দিন কেটেছে। প্রাথমিকের গণ্ডি পেরোনোর পর স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। বাবার সঙ্গে কৃষিকাজ করতেন আরও আগে থেকেই। তবু পরিবারের অনটন কাটে না। বড় হওয়ার পর গ্রামের একজনের পরামর্শে ঢাকায় আসা। কোনো প্রশিক্ষণ ছাড়াই মিরপুরের জাবেদ মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়েন মিজান।

ঢাকা শহর মানেই জীবিকার লড়াই। মিজান সেই লড়াইটা ভালোই টের পান। শুধু শারীরিক পরিশ্রম নয়, আছে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট। তবু কিছু তো আয়ের সুযোগ আছে এই শহরে। মিজান নিজে থেকেই বললেন, প্রতিদিন মালিককে ১০০ টাকা দিতে হয়। খাওয়ার খরচ আছে। রাতে গ্যারেজেই রাত কাটান একটা কক্ষে ৩০-৪০ জন মিলে। এক কক্ষে কীভাবে এত লোক থাকেন? মিজানের সহাস্য উত্তর, ‘ধইরা লেন একজন ওই দিকে মাথা দিছে, আরেকজন এই দিকে। এভাবেই রাত কেটে যায়।’

মিজান বললেন, রিকশা চালিয়েই এখন সংসার চলছে। প্রতি মাসে বাবা-মাকে ২ হাজার টাকা দেন। বউ-ছেলেমেয়ের খরচ আলাদা। সমস্যা হয়েছে, কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা গাভি কিনেছেন ৩৫ হাজার টাকায়। সেই ঋণের টাকা শোধ করতে এখন বাড়তি চাপ যাচ্ছে। এর মধ্যেই আবার ঈদ চলে এসেছে। তাই মাসের অর্ধেকটা সময় ঢাকায় রিকশা চালান মিজান। বাকি সময়টা বাড়িতে কাজ করেন। তবে এবার রোজা শুরুর পরপরই ঢাকায় এসেছেন। একটু বেশি সময় থাকবেন।

মিজান বলেন, ‘ছেলেমেয়েগুলা তো এত কিছু বোঝে না। মেয়েটা বাড়িতে গেলেই বাবা বাবা করে। বলে ঢাকা থেকে একটা লাল জামা আনতে।’ জামার টাকা জমেছে কি না, জানতে চাইলে মিজান বলেন, ‘যা জমছে তা দিয়ে তো কেবল জামা কিনলে চলবে না। চাল-ডাল তো কিনতে হবে। সব মিলে অন্তত ৫ হাজার টাকা লাগবে। তবে জামা না কিনে বাড়ি ফিরব না।’

কোথা থেকে কিনবেন জামা? জানতে চাইলে সহাস্যে বললেন, ‘মিরপুরের ফুটপাতে কয়েক দিন দেখছি। পছন্দ করছি দু-একটা।’ আর ছেলের জন্য? মিজান বলে চলেন, ‘এক বছর বয়স ছেলের। কথা মাত্র ফুটতেছে। তাকে জুতা কিনে দেব। সেটা পরে হাঁটবে।’ নিজের জন্য ঈদে কী কিনবেন জানতে চাইলে মিজান বললেন, ছেলেমেয়েকে দিলেই তো ঈদ হয়ে যাবে।