মেয়ের জীবন বাঁচাতে প্রাণ গেল বাবার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পাঁচ বছরের মেয়ের জীবন রক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তপন মণ্ডল নামের এক ব্যক্তির। গতকাল সোমবার দুপুরে উপজেলার আদমকাঠি-কুড়িয়ানা সড়কের কুড়িয়ানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
তপন মণ্ডলের (৩০) বাড়ি বানাড়ীপাড়া উপজেলার চাখার গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রি, সপরিবারে থাকতেন উপজেলার কুড়িয়ানা গ্রামে ভাড়া বাড়িতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তপন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মেয়ে হেনা মণ্ডলকে নিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আদমকাঠি থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁর মেয়েকে চাপ দিতে আসে। একঝটকায় তিনি মেয়েকে সরিয়ে ফেলেন। এতে হেনা প্রাণে বাঁচে। কিন্তু ইজিবাইকটির ধাক্কায় তপন নিজে গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বরিশাল নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য তপনের লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় উপজেলার মাহমুদকাঠি গ্রামের ইজিবাইকচালক মিল্টনকে আসামি করে থানায় মামলা হয়েছে।