মেয়ের নিরাপত্তার আকুতি
‘দেশের নিরাপত্তার জন্য দীর্ঘ সময় ব্যয় করেছি। অথচ অবসরে এসে নিজের মেয়েদের নিরাপত্তা দিতে পারছি না। বখাটেদের উৎপাতে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।’ কথাগুলো বলেন সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্য।ওই অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়ি নাটোরের লালপুর উপজেলার পুকুরপাড়া চিলান গ্রামে। বিদ্যালয় ও প্রাইভেট পড়তে যাওয়া ও আসার পথে বখাটেরা তাঁর দুই মেয়েকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে এক বখাটে তাঁর এক মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি মামলাও করেন। কিন্তু আদালত থেকে সব আসামি জামিন পেয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। অন্যথায় ওই দুই মেয়েকে তুলে নেওয়া হবে বলে আসামিরা হুমকি দিচ্ছে। অবসরপ্রাপ্ত ওই সেনাসদস্য জানান, তাঁর মেজো মেয়ে স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণী এবং সেজো মেয়ে আরেকটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে। ১৭ জানুয়ারি বনপাড়ার এক শিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় একই গ্রামের আকরামসহ (১৮) কয়েকজন তাঁর মেজো মেয়েকে অপহরণ করে। লালপুর থানায় অভিযোগ করার পর পুলিশ আকরামকে গ্রেপ্তার করে এবং তাঁর মেয়েকে উদ্ধার করে। তদন্ত শেষে পুলিশ আকরাম এবং তার সহযোগী আয়নাল, আমানউল্লাহ ও ছোবহানসহ পাঁচজনের বিরুদ্ধে ১২ মে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই দিনই আদালত থেকে সব আসামি জামিন পায়। তিনি বলেন, ‘আদালত সব আসামির জামিন দিয়েছেন। তাই ভয় হচ্ছে, আমি ন্যায়বিচার পাব না।’দশম শ্রেণীর ওই ছাত্রী অভিযোগ করে, ‘আসামিরা জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নেওয়া হলে ওরা আমাকে ও আমার বোনকেও তুলে নিয়ে যাবে। এই ভয়ে আব্বা আমাদের দুই বোনকে আর স্কুলে যেতে দিচ্ছে না। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।’ অভিযুক্ত আকরাম বলেন, ‘আমি ওই স্কুলছাত্রীকে অপহরণ করিনি। সে নিজের ইচ্ছায়ই আমার সঙ্গে গিয়েছিল।’ মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাত খান জানান, মামলা তুলে নিতে হুমকি দেওয়ার ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।