মেয়ের পর মাকে কুপিয়ে জখম করল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ করতে ব্যর্থ হয়ে কিছু দিন আগে বখাটেরা মেয়েকে কুপিয়ে জখম করেছিলেন। মেয়ের ঘা শুকাতে না শুকাতেই গত শনিবার সকালে তাঁরা মা শাহীনুর বেগমকেও কুপিয়ে গুরুতর জখম করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার মাদার্শী গ্রামে। মুমূর্ষু অবস্থায় শাহীনুর বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।আহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, মাদার্শী গ্রামের দিনমজুর জাকির হাওলাদারের মেয়েকে একই গ্রামের সালাম হাওলাদার (৩২) ও তাঁর সহযোগীরা উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে জাকির হাওলাদার সালামের বাবা আবদুল জব্বারসহ সবার অভিভাবকের কাছে বিচার দেন। তাই ক্ষিপ্ত হন সালাম ও তাঁর সহযোগীরা। গত বছরের ১৫ মে সন্ধ্যায় সালাম তাঁর সহযোগীদের নিয়ে জাকিরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়ের চিৎকারে লোকজন এগিয়ে এলে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে কুপিয়ে পালিয়ে যান। এ ঘটনায় জাকির হাওলাদার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালামের বিরুদ্ধে মামলা করেন।জাকির হাওলাদার অভিযোগ করেন, মামলা করার পর আসামিরা তা প্রত্যাহার করার জন্য তাঁকে জীবননাশের হুমকি দেন। গত শনিবার ভোরে জাকির হাওলাদারের স্ত্রী শাহীনুর বেগম (৪২) ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে ঘরের বাইরে এলে সালাম ও তাঁর তিনজন সহযোগী শাহীনুরের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করেন। স্থানীয় ব্যক্তিরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় জাকির হাওলাদার বাদী হয়ে সালামসহ তিনজনকে আসামি করে শনিবার উজিরপুর থানায় মামলা করেন।অভিযোগের ব্যাপারে সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে হানিফ হাওলাদার নামে তাঁর এক নিকটাত্মীয় দাবি করে জানান, দুটি পরিবারের মধ্যে পূর্বশত্রুতার জের রয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।