মেয়ের পরিবার বলছে অপহরণ ছেলেপক্ষ বলছে প্রেম
কিশোরগঞ্জের ভৈরবে এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী।মেয়েটির পরিবারের অভিযোগ, তাদের দূরসম্পর্কের এক আত্মীয় মেয়েটিকে উঠিয়ে নিয়ে গেছে। তবে ছেলেটির পরিবারের দাবি, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে তারা ঘর ছেড়ে পালিয়েছে।মেয়েটির বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়। তার বাবা ফ্রান্স-প্রবাসী। মেয়েটির মায়ের বক্তব্যমতে, তাঁর মেয়ে ঢাকায় পড়াশোনা করে। ঈদ উপলক্ষে সে বাড়িতে এসেছে। ঈদের কেনাকাটা করতে গত শুক্রবার তিনি মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী উপজেলা ভৈরবে যান। বিকেলের মধ্যে কেনাকাটা শেষ করে কুলিয়ারচরের বাড়ির উদ্দেশে তাঁরা একটি রিকশায় ওঠেন। রিকশাটি সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে পৌঁছামাত্র হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাঁদের গতি রোধ করে। পরে কয়েকজন যুবক ধারালো অস্ত্রের মুখে তাঁর মেয়েকে টেনেহিঁচড়ে রিকশা থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যান।মেয়েটির মা বলেন, দুই দিনেও মেয়ের সন্ধান না পেয়ে তাঁরা আইনের আশ্রয় নিয়েছেন। গতকাল রোববার বিকেলে তিনি একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে ভৈরব পৌর শহর কমলপুরের সাদ্দাম হোসেনকে (২২) ঘটনার জন্য দায়ী করা হয়েছে। মেয়েটির মা বলেন, সাদ্দাম তাঁদের দূরসম্পর্কের আত্মীয়। কিছুদিন আগে সাদ্দাম তাঁর মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু এতে তাঁরা কেউ রাজি না হওয়ায় সাদ্দাম ক্ষেপে যান। তিনি তাঁর মেয়েকে অপহরণের হুমকি দেন। তবে বিষয়টি তাঁরা এতটা আমলে নেননি। তিনি অভিযোগ করেন, শুক্রবার তাঁর মেয়েকে অপহরণের ঘটনার নেতৃত্বে ছিলেন এই সাদ্দামই।মেয়েটির মামা বলেন, অপহূত ভাগনির সন্ধানে তাঁরা সাদ্দামের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সাদ্দামের পরিবার এ ব্যাপারে কোনো সহযোগিতা করেনি। পুরো বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করে সাদ্দামের বাবা দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। এর সূত্র ধরেই তারা নিজেদের ইচ্ছেমতো ঘর ছেড়ে পালিয়েছে। এখানে অপহরণের কোনো ঘটনা ঘটেনি।’ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির বলেন, মেয়েটির মায়ের দাখিল করা অভিযোগ তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে পরে এটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।