মেয়ের পরীক্ষা কেমন হয়েছে জানা হলো না জান্নাতুলের
পরীক্ষা শেষে মেয়ে নাবিলা মরিয়ম হল থেকে বের হওয়ার পর বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশে দাঁড়িয়ে প্রশ্নটি দেখছিলেন মা জান্নাতুল নাহার (৩৬)। পরীক্ষা কেমন হয়েছে, তা নিয়ে মেয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় পাথরবাহী একটি ট্রাক সীমানাপ্রাচীরকে ধাক্কা দেয়। মুহূর্তেই তাঁর গায়ের ওপর ধসে পড়ে সেটি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের বাকলিয়া এলাকার ব্রাইটসান কেজি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে জান্নাতুলের চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়ের শরীরে কোনো আঘাত লাগেনি। নিহত জান্নাতুল বাকলিয়ার মিয়াখান নগরের বাসিন্দা ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী। নাবিলা তাঁদের একমাত্র সন্তান।
গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, স্বজনেরা লাশের জন্য অপেক্ষা রয়েছেন। সেখানে নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিল স্কুলের পোশাক পরা নাবিলা।
নিহত জান্নাতুল নাহারের মামা মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল নাবিলার ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফেরার আগে বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশে দাঁড়িয়ে মেয়ের পরীক্ষা কেমন হয়েছে, তা যাচাই করছিলেন জান্নাতুল। মেয়েকে নিয়ে বাসায় ফেরার বদলে তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালের মর্গে।
বাকলিয়া থানার ওসি আবুল মনছুর প্রথম আলোকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।