মেয়ের বাবা হলেন রেলমন্ত্রী

মেয়ের বাবা হলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। গতকাল শনিবার বেলা ২টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা কন্যাসন্তানের জন্ম দেন। মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।
জানতে চাইলে রেলমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর রহমতে মেয়েসন্তানের বাবা হয়েছি, সবার দোয়া চাই। মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। ধর্মীয় রীতি অনুযায়ী মিলাদ দিয়ে মেয়ের নাম রাখব।’
গত বুধবার হনুফা আক্তারকে স্কয়ার হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ভর্তি করানো হয়। এরপর গতকাল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় নবজাতকের ওজন ছিল প্রায় আড়াই কেজি। ওই হাসপাতালের চিকিৎসক নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে হনুফা আক্তারের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
মন্ত্রীর একজন ঘনিষ্ঠ স্বজন প্রথম আলোকে বলেন, রেলমন্ত্রীর বাবা হওয়ার খবরে মুঠোফোনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, সাংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রেলমন্ত্রী এবং তাঁর মেয়ের ছবি সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানেও রেলমন্ত্রী ও তাঁর স্ত্রীকে সবাই শুভেচ্ছা জানান। মন্ত্রীর বাবা হওয়ার খবর কুমিল্লা ও তাঁর নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে পৌঁছালে সেখানের লোকজন আনন্দ প্রকাশ করে।
২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখলা গ্রামের ৩২ বছর বয়সী হনুফা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৬৭ বছরে চিরকুমার থেকে মুজিবুল হকের বিয়ের বিষয়টি ওই সময় বেশ আলোচিত ছিল। আর গতকাল যখন তিনি কন্যাসন্তানের বাবা হলেন, তখন তাঁর বয়স প্রায় ৬৯ বছর।