মেয়ের বাল্যবিবাহে বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন
বগুড়ার ধুনট উপজেলায় মেয়ের বাল্যবিবাহে বাধা দেওয়ায় মমতা খাতুন নামের এক গৃহবধূকে তাঁর স্বামী মারধর করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মমতা খাতুনের বাবা শমসের আলী বাদী হয়ে ধুনট থানায় মামলা করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ বছর আগে উপজেলার গোয়ালভাগ গ্রামের শমসের আলীর মেয়ে মমতা খাতুনের সঙ্গে খাদুলী কামারপাড়া এলাকার মোকছেদ আলীর ছেলে আনছার আলীর বিয়ে হয়। তাঁদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। বড় মেয়ে ছনিয়া খাতুন (১৩) স্থানীয় এমপিএসটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
সাত মাস আগে আনছার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই রীনা খাতুন নামের এক নারীকে বিয়ে করেন। এতে করে সংসারে খরচ বেড়ে যায়। পড়াশোনার খরচ জোগাড় করতে না পেরে আনছার দুই মাস আগে তাঁর মেয়ে ছনিয়ার বিয়ে ঠিক করেন। ঘটনা জানার পর মমতা এতে বাধা দেন। এর জের ধরে বুধবার রাতে আনছার আলী দরজা বন্ধ করে মমতার ওপর নির্যাতন চালান। মমতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। গতকাল সকালে মমতাকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরে মমতার বাবা শমসের আলী বাদী হয়ে আনছার আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রী রিনা খাতুনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভািযোগ দায়ের করেন।
অভিযোগের ব্যাপারে আনছার আলী বলেন, স্ত্রী ও সন্তান কথার অবাধ্য হওয়ায় তিনি তাঁদের চড়-থাপ্পড় মেরে শাসন করেছেন।
ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুরুল আলম বলেন, গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।