মেয়ের বেতনের টাকা দিতে গিয়ে প্রাণ হারালেন রেজিয়া
মেয়ের বেতনের টাকা পরিশোধ করতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন রেজিয়া খাতুন (৩৫) নামের এক মহিলা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেন্দ্রা বাজার এলাকায়। দুর্ঘটনায় নিহত রেজিয়ার চার বছরের শিশুকন্যা রাবেয়া আক্তার গুরুতর আহত হয়েছে।নিহত রেজিয়া খাতুনের বাড়ি বড়কুল পশ্চিম ইউনিয়নের মোল্লাডহর গ্রামে। তাঁর স্বামী আবু তাহের কুয়েত-প্রবাসী। রেজিয়া খাতুনের ছেলেমেয়ে তিনজন। একমাত্র ছেলে রিয়াদ হোসেন হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র, বড় মেয়ে আকলিমা আক্তার হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়ে এবং ছোট মেয়ে রাবেয়া আক্তার এখনো স্কুলে ভর্তি হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাজীগঞ্জ থানা পুলিশের ভাষ্যমতে, রেজিয়া খাতুন ছেলের বেতনের টাকা পরিশোধ করে হাজীগঞ্জ বাজার থেকে সিএনজিযোগে সেন্দ্রা হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসার সামনে নামেন। মেয়েকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় রামগঞ্জ থেকে চাঁদপুরগামী বৈশাখী পরিবহনের একটি বাস মা-মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজিয়া খাতুন মারা যান। মেয়ে রাবেয়া আক্তারকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ বাজারে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত তিন ঘণ্টা অবরোধ করে রাখে। জনতা বৈশাখী পরিবহনের গাড়িটি ভাঙচুর করে।