মেয়ের লাশ নিয়ে ফিরলেন মা
প্রবাসী স্বামীর জন্য ইয়াছমিনের দিন কাটত প্রতীক্ষায়। একসময় প্রতীক্ষার অবসান হয়। স্বামী দেশে ফেরেন। কিন্তু ইয়াছমিনের সুখ ফেরে না। যাঁর জন্য এত দিনের অপেক্ষা, সেই স্বামী কফিল উদ্দিন তাঁর অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করে বসেন। সংসারে দেখা দেয় ভাঙনের সুর।
অবহেলা আর অপমান সহ্য করতে না পেরে স্বামীর ঘর ছাড়লেন ইয়াছমিন। একমাত্র মেয়েকে মায়ের কাছে রেখে দেড় বছর আগে চলে আসেন চট্টগ্রাম নগরে। চাকরি নেন পোশাক কারখানায়। দুঃখ-বেদনা চাপা দিয়ে শুরু করেন নতুন জীবন।
মেয়েকে গ্রামের স্কুলে ভর্তি করিয়েছিলেন ইয়াছমিন। ভালোই কাটছিল জীবন। কিন্তু হঠাৎ থেমে গেল সবকিছু। পোশাক কারখানায় যাওয়ার পথে তাঁদের বহনকারী গাড়ি চাপা পড়ে ট্রেনের নিচে। প্রাণ হারান ইয়াছমিনসহ চারজন। থেমে যায় তাঁর জীবনসংগ্রাম।
দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন জুলি আক্তার , সুইটি ও রিয়া আক্তার। তাঁরা সবাই চান্দগাঁও এলাকার বেইজ টেক্সটাইল লিমিটেডের শ্রমিক।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও বাহার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, নির্বাক বসে আছেন ইয়াছমিনের স্বজনেরা।
সংবাদকর্মীদের প্রশ্নে শেষ পর্যন্ত মুখ খোলেন ইয়াছমিনের মা আনোয়ারা বেগম। বলেন, ‘অনেক দিন মেয়েকে দেখিনি। তাই চার দিন আগে দেখতে আসি। সঙ্গে নিয়ে আসি নাতনিকেও। মাত্র চারটি দিন কাটল। তার পরেই এত বড় দুর্ঘটনা। মেয়েকে দেখতে এসে এখন তাঁর লাশ নিয়ে যেতে হচ্ছে।’ এর বেশি কিছু বলতে পারলেন না আনোয়ারা বেগম।
ইয়াছমিনের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ ছেঁড়াঢিলে। তাঁর মেয়ে জেরিনা সুলতানা স্থানীয় আনন্দ স্কুলে পড়ে।