মেয়ের লাশ নিয়ে ফেরার পথে মা-ও লাশ
ঢাকায় চিকিৎসাধীন মেয়ে মারা যান। তাঁর লাশ নিয়ে ফিরছিলেন স্বজনেরা। তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সটি গন্তব্যে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লাশের পাশে থাকা মা পংকি বিবি (৬৫) মারা যান। গতকাল সোমবার ভোর পাঁচটায় ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের কাছে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, সিলেটের গোলাপগঞ্জের ফাজিলপুর গ্রামের বাসিন্দা সওগাত আলীর মেয়ে বেদানা বেগম (৩৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত রোববার দিবাগত রাতে একটি অ্যাম্বুলেন্সে করে বেদানার লাশ নিয়ে ফিরছিলেন স্বজনেরা। লাশের পাশে ছিলেন পংকি বিবি। ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে পংকি বিবির শরীরের এক পাশ থেঁতলে যায়। আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা পংকি বিবিকে মৃত ঘোষণা করেন।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, ট্রাকটি নিয়ে চালক পালিয়েছেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পংকি বিবির লাশের ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।