মেয়ের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে মায়ের মৃত্যু

মেয়ের সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দাখিল পরীক্ষার্থী মেয়ে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ-দোলানবাজার সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই মায়ের নাম সীমা বেগম ওরফে খুকি (৪০)। তিনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর গ্রামের মো. ইব্রাহীম মোল্লার স্ত্রী। তাঁর আহত মেয়ের নাম তাসমীম আক্তার (১৭) হাসপাতালে চিকিৎসাধীন। সে খলাপাড়া দারুল উলুম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেয়ে তাসমীমকে নিয়ে অটোরিকশা ভাড়া করে কালীগঞ্জ পৌর এলাকার দুবার্টি এম ইউ কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন সীমা বেগম। পৈলানপুরে কালভার্ট থেকে নামার সময় চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয় এবং আহত হয় তাঁর মেয়ে। এলাকাবাসী আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মেয়েটি এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন। ফলে সে আর পরীক্ষায় অংশ নিতে পারেনি।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক বিশ্বজিৎ মিত্র বলেন, মায়ের মৃত্যুর পর তাসমীমের আর পরীক্ষা দেওয়া হয়নি। দুর্ঘটনার পর অটোরিকশা রেখে পালিয়ে গেছেন চালক। পরে অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।