মেয়ের সামনেই প্রাণ গেল মায়ের
মালিবাগে কোচিং শেষে মায়ের সঙ্গে ডেমরার বাসায় ফিরছিল ১৬ বছরের নীলিমা আহমেদ। গুলিস্তানে নেমে রাস্তা পার হওয়ার সময়ই মা শাহনাজ বেগমকে (৪০) ধাক্কা দেয় বেপরোয়াগতির একটি বাস। ছিটকে পড়ে রাস্তার ওপরই নিথর হয়ে যায় শাহনাজের দেহ। চোখের সামনে এই দৃশ্য দেখে স্তব্ধ নীলিমা লোকজনের সাহায্যে মাকে নিয়ে ছুটল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছু করতে পারলেন না চিকিৎসকেরাও। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানালেন তাঁরা।
গতকাল সোমবার সন্ধ্যায় গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের কাছে এই দুর্ঘটনা ঘটে।
গুলিস্তানে নিহত শাহনাজ বেগমের মেয়ে নীলিমা আহমেদ বাউনিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এরপর সিদ্ধেশ্বরীর একটি কোচিংয়ে ভর্তি হয়। নীলিমা জানায়, গতকাল কোচিং শেষে মা-মেয়ে একসঙ্গে ফিরছিল ডেমরার রাজাখালী এলাকার বাসায়। তারা মালিবাগ থেকে বাসে উঠে গুলিস্তানের আহাদ বক্সের কাছে গিয়ে নামে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস শাহনাজ বেগমকে ধাক্কা দেয়।
নীলিমা জানায়, তারা চার ভাইবোন। তার বাবা জনতা ব্যাংকের কর্মকর্তা।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোরশেদ বলেন, দুর্ঘটনায় ঘাতক বাসটি আটক এবং এর চালকের সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
বনানীতে তরুণ নিহত: গতকাল বেলা তিনটার দিকে বনানীতে রাস্তা পারাপারের সময় দুটি বাসের মাঝে চাপা পড়ে নিহত হয়েছেন দোকান কর্মচারী মীম হোসেন (১৮)।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, বনানী সুপার মার্কেটের একটি মুঠোফোনের দোকানে কাজ করতেন মীম। মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় তিনি বিআরটিসি ও দিবানিশি পরিবহনের দুটি বাসের মাঝে পড়ে যান। বাস দুটি খুব কাছে চলে এলে তিনি মাঝে চাপা পড়েন। তার দেহটি থেঁতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তরুণের।