মেয়ের হাঁটা দেখা হলো না শাহজালালের
১০ মাস বয়সী মেয়েটার হাঁটা দেখার শখ ছিল বাবার। কিন্তু তা আর দেখা হলো না। তাঁর দুই চোখই নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আর দেখতে পাবেন না বলে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন।
তাঁর নাম শাহজালাল (৩১)। ১৮ জুলাই রাতে ‘চোখ ওপড়ানো অবস্থায়’ তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই খুলনা নগরের খালিশপুরের গোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তাঁকে আটক করে পুলিশ। তারপর পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। শাহজালালের শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ, পুলিশই নির্যাতন করে তাঁর চোখ নষ্ট করে দিয়েছে।
গত শুক্রবার বিকেলে শাহজালালের বাবা জাকির হোসেন জানান, তাঁর ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ফরিদুল হাসান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তাঁর (শাহজালাল) দুই চোখই ভোঁতা কিছু দিয়ে উঠিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। একটা চোখ পুরো গলে গিয়েছিল। আরেকটা চোখের আঘাতও গুরুতর ছিল। চোখে পচন ধরেছিল। দুই চোখের কোনোটাই বাঁচানো সম্ভব নয়।
খুলনার খালিশপুরের নয়াবটি রেলবস্তি এলাকায় শাহজালালের শ্বশুরবাড়ির ছোট্ট ঝুপড়ি ঘরে কথা হয় তাঁর শাশুড়ি রানী বেগমের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘চোখ নষ্ট হওয়ার এক দিন আগে খুলনায় এসে মেয়েটিকে (আঁখি) দেখে শাহজালাল বলেছিল, “কবে আমি ওর হাঁটা দেখব। মেয়েটা কবে হাঁটতে পারবে?” কিন্তু তা আর ওর দেখা হবে না।’
শাহজালালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর বাড়ি পিরোজপুরের কাউখালীতে। তিনি সবজি ব্যবসায়ী। স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে ১৭ জুলাই খুলনায় শ্বশুরবাড়ি এসেছিলেন তিনি। পরের দিন রাতেই তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠে। সেই অভিযোগে শাহজালালকে ধরে নিয়ে যায় পুলিশ। সেই রাতেই স্ত্রী ও শাশুড়ির সঙ্গে থানায় শাহজালালের দেখাও হয়। তখনো তাঁর চোখ ভালো ছিল। কিন্তু পরের দিন শাহজালালকে চোখ ওপড়ানো অবস্থায় হাসপাতালে পাওয়া যায়।
ছিনতাই মামলার বাদী সুমা আক্তার বলেছেন, ১৮ জুলাই রাত ১১টার দিকে তিনি রিকশায় করে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। গোয়ালখালী কবরস্থান এলাকায় আসার পর একটি মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী তাঁর কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে বাসস্ট্যান্ড মোড়ের লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেল থেকে এক ছিনতাইকারীকে ধরে ফেলে।
গোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকার কমপক্ষে আটজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে এই দুই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলছেন, ছিনতাইয়ের ঘটনা রাত ১১টায় নয়, সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটেছে। ছিনতাইকারী সন্দেহে একজনকে আটক করে পিটুনি দেওয়া হয়। কিছুক্ষণ পর পুলিশ এলে তাদের হাতে তুলে দেওয়া হয়। ওই সময় তাঁর চোখ ভালো ছিল।
শাহজালালের শাশুড়ি রানীর ভাষ্য, তিনি ও তাঁর মেয়ে রাহেলা রাত সাড়ে ১০টার দিকে থানায় যান। ওসি নাসিম খান রাহেলাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। রাত সাড়ে ১১টার দিকে চার পুলিশ সদস্য শাহজালালকে একটি গাড়িতে তোলেন। তখনো শাহজালালের চোখ ভালো ছিল। রাত দুইটা পর্যন্ত অপেক্ষা করলেও শাহজালালকে আর থানায় আনা হয়নি। পরদিন ভোরেই রাহেলা থানায় গিয়ে জানতে পারেন, শাহজালাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। সকাল ৮টার দিকে তিনি হাসপাতালে গিয়ে দেখেন, ৯-১০ নম্বর ওয়ার্ডের বারান্দায় চোখে ব্যান্ডেজ অবস্থায় পড়ে আছেন শাহজালাল। পাশেই পুলিশ পাহারা দিচ্ছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার খাতা থেকে দেখা যায়, রাত তিনটায় শাহজালালকে হাসপাতালে আনা হয়েছে।
খালিশপুর থানার ওসি মো. নাসিম খান বলেন, চোখ ওপড়ানো অবস্থায় আসামিকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পুলিশ।আদালতের নির্দেশনা অনুযায়ী ৩০ জুলাইয়ের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।