মেয়েরা এগিয়ে কারিগরিতে
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। তবে এবার সার্বিকভাবে পাসের হার গত বছরের চেয়ে কমেছে। এ বছর এই বোর্ডে পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৫৮ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার কারিগরি বোর্ডে পাসের হার কমলেও গত বছরের চেয়ে জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৫৮৭ জন। গত বছর এই সংখ্যা ছিল ৬ হাজার ৪৩০। এবার মেয়েদের পাসের হার ছেলেদের চেয়ে বেশি ৮৮ দশমিক ১২ (২৬ হাজার ৪৫০ জন)। ছেলেদের পাসের হার ৮৩ দশমিক ০৯ (৬০ হাজার ১৯ জন)। জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও মেয়েরা এগিয়ে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৩৫৩ জন ছাত্রী এবং ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৩৪ জন। গত বছরও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে ছিলেন।
এ বছর কারিগরি বোর্ড থেকে মোট ১ লাখ ২ হাজার ২৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ৮৬ হাজার ৪৬৯ জন। কারিগরি বোর্ডে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শিক্ষাক্রমে পাসের হার ৮৬ দশমিক ৩০ শতাংশ (৮০ হাজার ২০৫ জন), ভোকেশনালে পাসের হার ৬৬ শতাংশ ৪০ (পাঁচ হাজার ৯৮৭ জন) এবং ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রমে পাসের হার ৯৫ দশমিক ১৯ শতাংশ (২৭৭ জন)।